ঢাকা, বৃহস্পতিবার ০৯, জুলাই ২০২৬ ৮:১৮:৩৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

দেশের উন্নয়নে ক্ষুদ্র উদ্যোক্তা সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:২৯ পিএম, ৪ মার্চ ২০২০ বুধবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের সার্বিক উন্নয়নের জন্য ক্ষুদ্র উদ্যোক্তা সৃষ্টি করতে হবে। একারণে আমরা ঋণের সুদের হার কমিয়ে আনতে যাচ্ছি, সিঙ্গেল ডিজিট করা হয়েছে। যাতে করে আমাদের উদ্যোক্তারা ঋণ নিয়ে সুন্দর করে ব্যবসা শুরু করতে পারেন সেই ব্যবস্থা নিয়েছি। আমাদের ছেলেমেয়েরা অত্যন্ত মেধাবী। একটু সুযোগ পেলেই তারা অনেক ভালো কিছু করতে পারে।

বুধবার (৪ মার্চ) রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। মেলা চলবে ১২ মার্চ পর্যন্ত।

তরুণ প্রজন্মকে উদ্যোক্তা হওয়ার আহবান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, লেখাপড়া শেষ করে চাকরির পিছনে না ছুটে, ঋণ নিয়ে ব্যবসা শুরু করতে পারেন। অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে এটি অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এবং এতে করে আমাদের দেশও সমৃদ্ধির পথে এগিয়ে যাবে।

এসময় তিনি বলেন, এসএমই খাতে উৎপাদিত অনেক পণ্য বিশ্বমানের। এগুলোর সঙ্গে আমাদের ঐতিহ্য জড়িত। তবে ঋতু-বৈচিত্র্যের সঙ্গে সামঞ্জস্য রেখে কীভাবে পণ্য উৎপাদন করা যায়, তা দেখতে হবে। ক্রেতার চাহিদা কী, সেটাও দেখতে হবে; সেভাবেই পণ্য উৎপাদন করতে হবে। সার্বিক বিষয়ে গবেষণা করে পণ্যের চাহিদা, পণ্যের উৎপাদন ও পণ্য সরবরাহ করতে হবে।

জনশক্তির উন্নয়নের প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেছেন, বাংলাদেশকে এতোদিন সবাই সস্তা শ্রমের দেশ হিসেবে গণ্য করতো। আপনারা জানেন, ইতোমধ্যে উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা নিয়েছি। দক্ষ জনশক্তি গড়ে তুলতে ব্যবস্থা নিচ্ছি। আমাদের দেশের প্রায় ৮ হাজারের মতো পোস্ট অফিস আছে। সেগুলো ডিজিটাল করেছি। নিজের ইউনিয়নে, নিজের ঘরে বসে পণ্য যাতে বিক্রি করা যায়, সে ব্যবস্থা করা হয়েছে। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, বাংলাদেশ এগিয়ে যাবে।

প্রসঙ্গত, শিল্প মন্ত্রণালয়ের অধীন ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) ফাউন্ডেশন এ মেয়ার আয়োজন করেছে। এ মেলা প্রতিদিন সকাল ১০টা হতে রাত ৮টা পর্যন্ত মেলা চলবে। মেলায় কোনো প্রবেশ মূল্য থাকবে না। এতে সারাদেশ থেকে ২৯৬ জন উদ্যোক্তা ৩০৯টি স্টলে তাদের উৎপাদিত পণ্য প্রদর্শন করবেন। উদ্যোক্তাদের মধ্যে ১৯৫ জন নারী উদ্যোক্তা এবং ১০১ জন পুরুষ উদ্যোক্তা রয়েছেন।

দেশে উৎপাদিত পাটজাত পণ্য, খাদ্য ও কৃষি প্রক্রিয়াজাত পণ্য, চামড়াজাতসামগ্রী, ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্সসামগ্রী, লাইট ইঞ্জিনিয়ারিং পণ্য, আইটি পণ্য, প্লাস্টিক ও সিনথেটিক পণ্য, হস্তশিল্প, ডিজাইন ও ফ্যাশনওয়্যারসহ বিভিন্ন ক্ষুদ্র ও মাঝারি শিল্পের স্বদেশি পণ্য প্রদর্শিত ও বিক্রি হবে মেলায়। কোনো বিদেশি পণ্য এ মেলায় প্রদর্শন কিংবা বিক্রি করা হবে না।

মেলা উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পাঁচটি সেমিনারের আয়োজন করা হবে।

শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন জানিয়েছেন, ২০১৮-১৯ অর্থবছরে দেশের ২৩টি জেলার আঞ্চলিক মেলায় প্রায় ৯ কোটি ১৬ লাখ টাকার পণ্য বিক্রয় এবং প্রায় ৬ কোটি ৪৪ লাখ টাকার বিভিন্ন পণ্যের ক্রয় আদেশ পাওয়া যায়।

-জেডসি