ব্রাজিলে ভয়াবহ বন্যার আশঙ্কা, ২১ জনের মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৩:১১ পিএম, ৪ মার্চ ২০২০ বুধবার
ছবি: ইন্টারনেট
ব্রাজিলের সাও পাউলো ও রিও ডে জেনিরো রাজ্যে প্রবল বৃষ্টিতে অন্তত ২১ জন মৃত্যু হয়েছে। বৃষ্টির কারণে রাজ্য দুইটিতে আকস্মিক বন্যার আশঙ্কা দেখা দিয়েছে এবং অনেক ঘর-বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। কর্তৃপক্ষের বরাত দিয়ে এমনটি জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
প্রতিবেদনে বলা হয়, সাও পাউলোতে এখনো ৩২ জন নিখোঁজ আছেন। মঙ্গলবার ভোরে সাও পাউলোতে বন্যা ও ভূমিধ্বসে ১৬ জন মারা গেছেন বলে জানা গেছে। এছাড়া, রাজ্যটিতে অনেক রাস্তাঘাট বন্ধ হয়ে গেছে। হতাহতের সংখ্যা আরো বাড়বে বলে ধারণা করা হচ্ছে।
এই নিয়ে একটি টুইট বার্তায় সাও পাউলো’র গভর্নর জোয়াও দোরিয়া বলেন, যারা এই ভারী বৃষ্টিপাতের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের প্রতি সমবেদনা প্রকাশ করছি।
এদিকে, রিওডি জেনিরোতেও আরও পাঁচ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। জানা গেছে, এই রাজ্যেও বৃষ্টিপাতের কারণে ঘর-বাড়ি এবং রাস্তাঘাটের ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে।
-জেডসি
