ঢাকা, বৃহস্পতিবার ০৯, জুলাই ২০২৬ ৮:১৭:৫৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

বঙ্গবন্ধু ও এনএসটি ফেলোশিপ প্রদান করলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:১০ পিএম, ৫ মার্চ ২০২০ বৃহস্পতিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

দেশের বিজ্ঞান ও প্রযুক্তি গবেষণায় অধিকতর উন্নয়নে উৎসাহ ও সহায়তার লক্ষ্যে চলতি বছরের বঙ্গবন্ধু ফেলোশিপ, বিজ্ঞান ও প্রযুক্তি (এনএসটি) ফেলোশিপ এবং বিজ্ঞানী ও গবেষকদের গবেষণা অনুদান প্রদান করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (০৫ মার্চ) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে ২০১৯-২০ শিক্ষাবর্ষের এই ফেলোশিপ এবং গবেষণা অনুদান প্রদান করেন তিনি।খবর বাসস

অনুষ্ঠানে কৃষি বিজ্ঞান, জীব বিজ্ঞান এবং ভৌত বিজ্ঞান গ্রুপের তিন শ’ জন শিক্ষার্থীকে ফেলোশিপ প্রদান করা হয় বলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়।

পাশাপাশি বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে গবেষণা ও উন্নয়ন কাজে উৎসাহ ও সহায়তা প্রদানের লক্ষ্যে ২০০৯-১০ অর্থ-বছর থেকে গবেষণা প্রকল্প বাস্তবায়নের জন্য বিজ্ঞানী-গবেষকদের মধ্যে গবেষণা অনুদান প্রদান করা হচ্ছে। ২০১৮-১৯ অর্থ-বছর পর্যন্ত তিন হাজার ২৪২টি প্রকল্পের অনুকূলে ১৩০ কোটি ৯৩ লাখ টাকা গবেষণা অনুদান প্রদান করা হয়েছে, উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। মন্ত্রণালয়টি সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক অনুষ্ঠানে বিশেষ অতিথি এবং মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোঃ আনোয়ার হোসেন স্বাগত বক্তৃতা করেন।

মন্ত্রি পরিষদ সদস্যবৃন্দ, প্রধানমন্ত্রীর উপদেষ্টাবৃন্দ, সংসদ সদস্যবৃন্দ, উর্ধ্বতন বেসামরিক ও সামরিক কর্মকর্তাবৃন্দ, বিশিষ্ট নাগরিকবৃন্দ, ফেলোশিপ এবং অনুদানপ্রাপ্ত শিক্ষার্থী এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।


-জেডসি