করোনায় মৃত ৩৪৯১, আক্রান্ত ১ লাখের বেশি
আন্তর্জাতিক ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১২:৩২ পিএম, ৭ মার্চ ২০২০ শনিবার
করোনায় মৃত ৩৪৯১, আক্রান্ত ১ লাখের বেশি
বিশ্বের ৯০টির বেশি দেশের এক লাখেরও বেশি মানুষের শরীরে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। শুক্রবার পর্যন্ত ৩ হাজার ৪৯১ জন মানুষ এ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।
এর মধ্যে ৩ হাজার ৭০ জন মারা গেছেন চীনের মূল ভূখণ্ডে। এ ছাড়া চীনের বাইরে অন্য ১০টি দেশে বাকি ৪২১ জন মারা গেছেন। এর মধ্যে সবচেয়ে ভয়াবহ অবস্থা বিরাজ করছে ইতালি এবং ইরানে। এখন পর্যন্ত ইতালিতে ১৯৭ জন এবং ইরানে ১২৪ জন মারা গেছেন।
এ ভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কায় শুক্রবার ইরাক, ইরান, মরক্কো, ওমান, কুয়েত ও মিশরে জুমার নামাজ আদায় বন্ধ রাখা হয়।
এদিকে, করোনার প্রাদুর্ভাব ঠেকাতে মক্কার মসজিদুল হারাম এবং মদিনার মসজিদে নববী প্রতিদিন এশার নামাজের এক ঘণ্টা পর থেকে ফজরের নামাজের এক ঘণ্টা আগ পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সৌদি কর্তৃপক্ষ।
যুক্তরাষ্ট্রে এ ভাইরাসে এখন পর্যন্ত অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে এবং আক্রান্ত হয়েছে ৩০৪ জন। উদ্ভূত পরিস্থিতিতে গুগল, ফেসবুক, আমাজন ও মাইক্রোসফট সিয়াটল এলাকার কর্মীদের বাসায় বসে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। যার ফলে লক্ষাধিক মানুষ আপাতত বাসা থেকে অফিস করবেন।
ক্যালিফোর্নিয়া উপকূলে করোনাভাইরাসের ভয়ে আটকে রাখা প্রমোদতরী গ্র্যান্ড প্রিন্সেসে আটকা পড়েছে ওই তরীতে থাকা সাড়ে তিন হাজার মানুষ। এই প্রমোদতরীর আগের সমুদ্রযাত্রায় এক যাত্রী মারা গেছেন এবং চারজন করোনাভাইরাস আক্রান্ত হয়েছিলেন।
যুক্তরাষ্ট্রের সিনেট বৃহস্পতিবার নভেল করোনাভাইরাস মোকাবেলায় ৮ দশশকি ৩ বিলিয়ন ডলার বরাদ্দ করেছে।
ব্রাসেলেসে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদর দপ্তরে সব ধরনের বৈঠক বাতিল করা হয়েছে। দেশটির পার্লামেন্ট ব্রাসেলেসের বেশির ভাগ সরকারি অফিসের ভেতরে ও বাইরে জমায়েতে নিষেধাজ্ঞা জারি করেছে।
