হজ ফ্লাইট শুরু ২৩ জুন
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৩:০৩ পিএম, ৮ মার্চ ২০২০ রবিবার
ছবি: সংগৃহীত
ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহ বলেছেন, চলতি বছরের হজ ফ্লাইট আগামী ২৩ জুন শুরু হবে। চাঁদ দেখাসাপেক্ষে আগামী ৯ জিলহজ্জ ১৪৪১ হিজরি মোতাবেক ৩০ জুলাই পবিত্র হজ পালিত হবে।
রবিবার (৮ মার্চ) সচিবালয়ে চলতি বছরের হজের নিবন্ধন ও প্রয়োজনীয় প্রস্তুতি সম্পর্কে আয়োজিত সংবাদ সম্মেলনে এই কথা জানান তিনি।
প্রতিমন্ত্রী বলেন, সৌদি সরকারের হজ ও ওমরাহ মন্ত্রণালয় গত বছরের চেয়ে ১০ হাজার হজযাত্রীর কোটা বাড়িয়েছে। সেই হিসাবে এই বছর সরকারি ব্যবস্থাপনায় ১৭ হাজার ১৯৮ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় এক লাখ ২০ হাজারসহ মোট এক লাখ ৩৭ হাজার ১৯৮ জন হজযাত্রী হজে যেতে পারবেন।
শেখ আবদুল্লাহ বলেন, করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে বাংলাদেশসহ পৃথিবীর শতাধিক দেশ সতর্কতামূলক কার্যক্রম গ্রহণ করেছে। সৌদি আরব সতর্কতামূলকভাবে ওমরা ভিসা ইস্যুকরণ সাময়িক বন্ধ রেখেছে। সৌদি সরকারের এই উদ্যোগ সময়োপযোগী স্বাগত জানাই। আশা করছি- আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র হজের সময়ের পূর্বেই বিশ্ববাসীকে এই বিপদ থেকে অচিরেই রক্ষা করবেন।
প্রতিমন্ত্রী জানান, অনিশ্চয়তার কথা চিন্তা করে কেউ হজের নিবন্ধনে বিলম্ব করলে তার হজযাত্রার সমস্যা হতে পারে। আগে থেকেই যদি একজন হজযাত্রী হজের প্রস্তুতি গ্রহণ না করেন, তাহলে তিনি এই বছর হজে যেতে পারবেন না। তাই হজযাত্রীদের সরকার প্রদত্ত ঘোষণা অনুসরণ করে নির্দিষ্ট সময়ে নির্ধারিত ব্যাংকে টাকা জমা দিয়ে নিবন্ধন কাজ সম্পন্ন করতে হবে।
-জেডসি
