ঢাকা, সোমবার ০৬, জুলাই ২০২৬ ১৮:৩২:২০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

করোনায় ইতালিতে একদিনেই ১৩৩ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:১১ পিএম, ৯ মার্চ ২০২০ সোমবার

করোনায় ইতালিতে একদিনেই ১৩৩ জনের মৃত্যু

করোনায় ইতালিতে একদিনেই ১৩৩ জনের মৃত্যু

প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণে ভয়াবহ বিপর্যয়ের মুখে রয়েছে ইউরোপের দেশ ইতালি। দেশটিতে একদিনে ১৩৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনাভাইরাসে দেশটিতে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৬৬ জনে।

আন্তর্জাতিক গণমাধ্যম মেট্রোর খবরে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, দেড় কোটি মানুষকে কোয়ারেনটাইনে রাখার মতো নজিরবিহীন সিদ্ধান্ত নিয়েও করোনাভাইরাসের সংক্রমণ সামাল দিতে হিমশিম খাচ্ছে ইতালি। দেশটিতে এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ হাজার ৩৭৫ জনে।

করোনাভাইরাসে মৃতের সংখ্যা চীনের পর এখন ইতালির অবস্থান। চীনে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৯৮ জনে।

চীন ও ইতালির পর সবচেয়ে বেশি মানুষ মারা গেছে ইরানে ১৯৪ জন। মধ্যপ্রাচ্যের দেশটিতে মৃতের সংখ্যা একদিনে বেড়েছে ৪৯ জন।

এ ছাড়া ফ্রান্সে ১৯ জন, স্পেনে ১৭ জন ও যুক্তরাষ্ট্রে ১৯ জনের মৃত্যু হয়েছে করোনাভাইরাসে। বিশ্বজুড়ে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৮০২।

বিশ্বে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৯ হাজার ৬৯৬। এর মধ্যে প্রায় ৬১ হাজার জন সেরেও উঠেছেন।

ইতালিতে আক্রান্তের সংখ্যা দ্রুত বাড়তে থাকায় রোববারই দেশটির প্রধানমন্ত্রী জুসেপ্পে কন্তে ১ কোটি ৬০ লাখ মানুষকে কোয়ারেনটাইনে নেওয়ার ঘোষণা দেন।১৪টি প্রদেশের ওই দেড় কোটির বেশি মানুষ এখন বিশেষ অনুমতি ছাড়া এলাকা ছাড়তে পারবেন না।

এ ছাড়া স্কুল, জিম, জাদুঘর, নাইটক্লাব বন্ধের ঘোষণাও দেওয়া হয়েছে। আগামী ৩ এপ্রিল পর্যন্ত এই অবস্থা বলবৎ থাকবে বলে জানানো হয়েছে।

এদিকে, ইতালির সেনাপ্রধান সালভাতর ফারিনাও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে খবর দিয়েছে বিবিসি। তবে তিনি বলেছেন, তিনি আইসোলেশনে রয়েছেন এবং ভালোই আছেন।

এ ছাড়া রোববার প্রথমবারের মতো বাংলাদেশেও তিনজন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এদিন বিকেলে জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা করোনাভাইরাস নিয়ে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।

তিনি জানান, বাংলাদেশে তিনজন করোনাভাইরাসে আক্রান্ত রোগী হিসেবে চিহ্নিত হয়েছেন। এদের মধ্যে দুজন পুরুষ, অপরজন নারী। কোভিড-১৯ আক্রান্ত এই তিন ব্যক্তির মধ্যে দুজন ইতালি থেকে দেশে ফিরেছেন।