সাতজনের নমুনা পরীক্ষায় আক্রান্তের তথ্য মেলেনি: আইইডিসিআর
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০১:২০ পিএম, ১০ মার্চ ২০২০ মঙ্গলবার
ছবি: সংগৃহীত
করোনাভাইরাস শনাক্তকরণে দেশে গত ২৪ ঘণ্টায় আরও সাতজনের নমুনা পরীক্ষা করা হয়েছে এবং এতে কারও আক্রান্ত হওয়ার লক্ষণ মেলেনি বলে জানিয়েছেন সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।
মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে আইইডিসিআরে সংবাদ সম্মেলন করে তিনি এ তথ্য জানান।
ডা: ফ্লোরা বলেন, গত ২৪ ঘণ্টায় আইইডিসিআরের হটলাইনে যোগাযোগ করেছেন ২৮ হাজার মানুষ। দেশে করোনা জীবানু ছড়ানো বন্ধ করতে হোম কোয়ারেন্টাইনের বিকল্প নেই। কোয়ারেন্টাইনে থাকাকালীন রোগের উপসর্গ দেখা দিলে আইইডিসিআরের হটলাইন ফোন দিতে অনুরোধ করেন তিনি।
তিনি বলেন, যে তিনজন করোনায় আক্রান্ত তারা ভালো আছে জানিয়ে তিনি বলেন, আমরা সিরিয়াসলি কাজ করছি। শঙ্কিত হওয়ায় কিছু নেই। আমরা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। বাংলাদেশি নাগরিকরা কীভাবে আছে, সেটা দূতাবাসের মাধ্যমে খোঁজ নিচ্ছি।
মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, কুয়েতে মেডিক্যাল সার্টিফিকেটের বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কিছু করার নেই। এটা পররাষ্ট্র মন্ত্রণালয় দেখবে। বিদেশ থেকে ১৪ দিনের মধ্যে এলে একটি ঘরে থাকুন। সেলফ কোয়ারেন্টেইন সবচেয়ে ভালো পদ্ধতি। ইচ্ছেমতো বের হয়ে ১৭ কোটি মানুষকে বিপদে ফেলবেন না। যদি প্রয়োজন হয় তাহলে মাস্ক ব্যবহার করে বের হবেন।
তিনি বলেন, ১২টি হট লাইন নম্বর দেওয়া আছে। সবাই এখানে ফোন করে তথ্য নিতে পারেন। সচেতনতা ছাড়া প্রতিরোধের কিছু নেই। সঠিক পদ্ধতিতে হাত ধোয়া ও হাঁচি দিতে হবে। বিশ্বের মোট ১০৫টি দেশ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। নতুন আক্রান্ত দেশ বাংলাদেশ, আলবেনিয়া ও প্যারাগুয়ে।
গত ৮ মার্চ সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পক্ষ থেকে জানানো হয়, দেশে তিনজন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। পরে ৯ মার্চ সংবাদ সম্মেলনে জানানো হয়, দেশে নতুন করোনা আক্রান্ত নেই।
-জেডসি
