করোনা আতঙ্ক: ৭০ হাজার বন্দিকে মুক্তি দিলো ইরান
আন্তর্জাতিক ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০২:২৪ পিএম, ১০ মার্চ ২০২০ মঙ্গলবার
ছবি: সংগৃহীত
করোনাভাইরাস আতঙ্কে ৭০ হাজার বন্দিকে সাময়িক মুক্তি দিয়েছে ইরান। দেশটির বিচার বিভাগীয় সংবাদ সংস্থা মিজানে প্রকাশিত সংবাদের বরাতে বিভাগীয় প্রধান ইব্রাহিম রাইসি এ তথ্য জানান।
তবে মুক্তি পাওয়াদের মধ্যে অন্য কোনো দেশের নাগরিক রয়েছেন কিনা সে বিষয়ে কোনো তথ্য জানা যায়নি।
এদিকে শেষ খবর পর্যন্ত ইরানে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ২৩৭ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন ৭ হাজারের বেশি মানুষ।
অন্যদিকে উত্তরাঞ্চলীয় এলাকায় দেড় কোটির বেশি মানুষকে কোয়ারেন্টাইনে রেখেছে ইতালি। দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৬৬ জন। আর আক্রান্ত হয়েছেন সাত হাজার ৩৭৫ জন।
প্রসঙ্গত, গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহানে প্রথম করোনা ভাইরাস শনাক্ত করা হয়। দ্রুত ভাইরাসটি বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে। ভাইরাসটি বিশ্বের ১০৮টি দেশে এর অস্তিত্ব জানান দেয়। যেখানে রয়েছে বাংলাদেশের নামও। আর এতে শেষ খবর পর্যন্ত ৩ হাজার ৮৮৪ জনের মৃত্যু হয়েছে।
-জেডসি
