ঢাকা, সোমবার ০৬, জুলাই ২০২৬ ১৭:১৪:০৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

চীনের আক্রান্তদের মধ্যে ৭০ ভাগ সুস্থ হয়েছে: ডব্লিউএইচও

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:২২ পিএম, ১০ মার্চ ২০২০ মঙ্গলবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

প্রাণঘাতী করোনাভাইরাসে প্রতিনিয়তই মৃত্যু মিছিলে প্রতিনিয়তই দীর্ঘ হচ্ছে। বিশ্বব্যাপী ১১৫টি দেশ ও অঞ্চলে এই ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়েছে। এখন পর্যন্ত প্রাণঘাতী এ ভাইরাসে মারা গেছে ৪ হাজার ২৭ জন। আর বিশ্বব্যাপী করোনাভাইরাসে এখন পর্যন্ত ১ লাখ ১৪ হাজার ৪২২ জন আক্রান্ত হয়েছে। শুধুমাত্র চীনেই এ পর্যন্ত ৮০ হাজারের বেশি মানুষ নভেল করোনভাইরাসে আক্রান্ত হয়েছেন, মারা গেছেন অন্তত ৩ হাজার ১৩৬ জন। তবে আশার কথা, দেশটিতে ভাইরাস আক্রান্ত ৭০ শতাংশ মানুষই চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে উঠেছেন। চীনে এ পর্যন্ত প্রায় ৬০ হাজার মানুষ করোনামুক্ত হয়েছেন।

গত ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথমবারের মতো করোনার উপস্থিতি ধরা পড়ে। এরপরই এই ভাইরাস চীনের অন্যান্য শহরসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ে।

চীনের পর ইতালিতে সবচেয়ে বেশি মানুষের প্রাণ কেড়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। সেখানে এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৯ হাজার ১৭২ এবং মৃতের সংখ্যা ৪৬৩। চীনের বাইরে করোনাভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা দক্ষিণ কোরিয়ায়। সেখানে ৭ হাজার ৫১৩ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছে এবং মারা গেছে ৫৪ জন।

সোমবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান ড. টেড্রস আধানম গেব্রেইয়েসুস জেনেভায় সংস্থাটির সদর দফতরে এক সংবাদ সম্মেলনে বলেন, ‘ভাইরাসটি ইতোমধ্যে অনেক দেশেই পা রেখেছে। এটি প্যানডেমিকে (মহামারির চেয়ে বড় সংকট) পরিণত হওয়ার হুমকি এখন সত্য হতে চলেছে।’

তিনি বলেন, ‘অল্প কিছু দেশ সম্প্রদায়ভিত্তিক সংক্রমণ আটকাতে সক্ষম হয়েছে। তবে, এ নিয়ে বিশ্ব নেতাদের এখনই হাল ছেড়ে দেয়ার দরকার নেই। চীনে ৮০ হাজারের বেশি করোনা রোগীর ৭০ শতাংশই সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন।’

এদিকে, বিশ্বজুড়ে করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে থাকায় উদ্বেগ জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার কর্মকর্তারা। সংস্থাটির জরুরি কর্মসূচির নির্বাহী পরিচালক ড. মাইক রায়ান জানান, যখন কোনও কিছু (করোনাভাইরাস) ১০০টি দেশে ছড়িয়ে পড়ে, আক্রান্তের সংখ্যা এক লাখ ছাড়ায়, তখন চিন্তা তো হবেই। মাত্র দুই সপ্তাহ আগেও এটি ৩০টি দেশে ছিল।

ডব্লিউএইচও জানিয়েছে, চীন, দক্ষিণ কোরিয়া, ইতালি ও ইরান- এই চারটি দেশেই করোনা আক্রান্ত ৯৩ শতাংশ রোগী রয়েছেন। এছাড়া ৮০টি দেশে আক্রান্তের সংখ্যা ১শর নিচে। এছাড়াও করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে মাত্র ২০ শতাংশের শরীরে গুরুতর উপসর্গ দেখা গেলেও বাকি ৮০ শতাংশের শরীরেই বড়জোর হালকা নিউমোনিয়া দেখা গেছে।

গত ৩১ ডিসেম্বর চীনের উহানে প্রথমবার করোনাভাইরাস শনাক্ত হয়। এরপর দ্রুতই ছড়িয়ে পড়ে অন্যান্য অঞ্চলে। এ পর্যন্ত বিশ্বের অন্তত ১১৫টি দেশ ও অঞ্চলে ছড়িয়েছে প্রাণঘাতী এই ভাইরাস। এতে মৃত্যু হয়েছে ৪ হাজার ২৭ জনের, আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ১৪ হাজার ৪২২ জন। এর মধ্যে ৬৪ হাজার ৮১ জন সুস্থ হয়ে বাসায় ফিরেছেন।

-জেডসি