প্রয়োজন ছাড়া প্রবাসীদের দেশে আসার দরকার নেই: স্বাস্থ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৩:৪১ পিএম, ১২ মার্চ ২০২০ বৃহস্পতিবার
ছবি: সংগৃহীত
প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে প্রয়োজন ছাড়া প্রবাসীদের দেশে আসার দরকার নেই জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, দেশে আসলে প্রবাসীদের কোয়ারেন্টাইনে থাকতে হবে। ১৪ দিনের আগে তারা স্বজনদের সাথে মিশতে পারবেন না।
বৃহস্পতিবার (১২ মার্চ) সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
তিন করোনা আক্রান্ত রোগীর স্বাস্থ্য বিষয়ে জাহিদ মালেক বলেন, করোনা আক্রান্ত তিনজন রোগীই ভালো আছেন। এদের মধ্যে দুইজন পুরোপুরি সুস্থ হয়েছেন। শিগগিরই তাদের ছেড়ে দেয়া হবে। তাদের সংস্পর্শে আসা যাদেরকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে তারা সবাই অসুস্থ নয়। দুইজন কোয়ারেন্টাইনে ছিলেন, তাদের শরীরে পরীক্ষা করে দেখা গেছে তারা করোনায় আক্রান্ত নয়।
সরকার সতর্ক ও সজাগ রয়েছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনা মোকাবিলা করতে সব ধরনের প্রয়োজনীয় প্রস্তুতি রয়েছে।এই ভাইরাস নিয়ে তিনটি কমিটি কাজ করছে। উপজেলা, ইউনিয়ন পর্যায়ে বিদেশ থেকে কেউ আসলে তাদের শনাক্ত করে আলাদা করা হবে।
থার্মাল স্ক্যানারের বিষয়ে তিনি বলেন, সামিট গ্রুপ ৫টি থার্মাল স্ক্যানার দিয়েছেন। এই সময়ে এটাই সবচেয়ে বড় দরকার ছিল। তাদের পাঁচটিসহ এখন সব মিলিয়ে ১০টি স্ক্যানার আছে আমাদের।
তবে স্ক্যানারে করোনা ধরা পড়ে না জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্ক্যানারের কাজ শরীরের তাপমাত্রা মাপা। করোনা ছাড়াও নানা কারণে তাপমাত্রা বাড়তে পারে। তবে এখন আমরা বেশ সতর্ক অবস্থানে আছি। স্ক্যানারে প্রবাসীদের কারো টেম্পারেচার বেশি পেলে তখন তাকে কোয়ারেন্টাইনে নেয়া হয়।
-জেডসি
