ঢাকা, শুক্রবার ১৭, জুলাই ২০২৬ ১০:১৯:৫৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

খালেদা জিয়ার বড়পুকুরিয়া মামলা বিষয়ে রুলের ওপর যে কোন দিন রায়

প্রকাশিত : ১১:১২ এএম, ৩০ আগস্ট ২০১৫ রবিবার | আপডেট: ১১:১২ এএম, ৩০ আগস্ট ২০১৫ রবিবার

1428473985 স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম,  ঢাকা : বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে বড়পুকুরিয়া কয়লা খনি সংক্রান্ত মামলায় হাইকোর্টের রুলের ওপর শুনানি শেষে যে কোন দিন রায়ের জন্য (সিএভি) রাখা হয়েছে। বিচারপতি মো. নুরুজ্জামান ও বিচারপতি আব্দুর রব সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ আজ এ আদেশ দেয়। দুদকের পক্ষে আইনজীবী খুরশীদ আলম খান বাসস’কে এ কথা বলেন। তিনি বলেন, বড়পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি সংক্রান্ত মামলা বিষয়ে বেগম খালেদা জিয়ার আবেদনের প্রেক্ষিতে জারি করা রুলের ওপর আজ উভয়পক্ষের শুনানি শেষে বিষয়টি সিএভি রাখা হয়েছে। আদালতে খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী এজে মোহাম্মদ আলী, ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন, ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী প্রমুখ। বড়পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি সংক্রান্ত মামলায় চারদলীয় জোট সরকারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ওই সরকারের ১০ মন্ত্রীসহ ১৬ জনকে আসামি করা হয়। ২০০৮ সালের ২৬ ফেব্রুয়ারি শাহবাগ থানায় মামলাটি দায়ের করা হয়। ওই বছর ৫ অক্টোবর ১৬ জনের বিরুদ্ধেই অভিযোগপত্র দাখিল করে দুদক। এক আবেদনের প্রেক্ষিতে ২০০৮ সালের ১৬ অক্টোবর খালেদা জিয়ার বিরুদ্ধে এ মামলার কার্যক্রম স্থগিত করে হাইকোর্ট। মামলাটি কেন বাতিল করা হবে না, তা জানতে চেয়ে সংশ্লিষ্টদের প্রতি রুলও জারি করা হয়।