দেশে নতুন করে আরও দুজন করোনা রোগী শনাক্ত
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১১:৫৭ পিএম, ১৪ মার্চ ২০২০ শনিবার
দেশে নতুন করে আরও দুজন করোনা রোগী শনাক্ত
দেশে নতুন করে আরও দুই ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। আক্রান্ত দুজনের মধ্যে একজন ইতালি ও অন্যজন জার্মানি থেকে দেশে ফেরার পর পরীক্ষায় তাদের দেহে মরণব্যাধী এই ভাইরাসের সংক্রমণ ধরা পড়ে।
আজ শনিবার রাত সাড়ে ৯টায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘ইতিমধ্যে আরও দুজন রোগী আমরা পেয়েছি। এখন আমরা সেই দুজনকে নিয়ে এসেছি; হাসপাতালে রেখেছি। যা যা চিকিৎসা দেওয়া দরকার সেটা আমরা শুরু করেছি।’
জাহিদ মালেক আরও বলেন, ‘তিনজন করোনাভাইরাস আক্রান্ত রোগী এখন ভালো হয়ে গেছে। দুজনকে ছেড়েও দেওয়া হয়েছে। একজনকে আজ ছেড়ে দেওয়া হবে।’ বিভাগীয় শহর, জেলা ও উপজেলায় আমরা কোয়ারেন্টাইনের ব্যবস্থা করেছি বলেও তিনি জানান।
এদিকে ইংল্যান্ড বাদে ইউরোপ থেকে বাংলাদেশগামী সব ফ্লাইট নিষিদ্ধ করেছে সরকার। আগামী ৩১ মার্চ পর্যন্ত বাংলাদেশে সব ধরনের অন-অ্যারাইভাল ভিসা বন্ধের এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।
