আগামীকাল থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০১:০১ পিএম, ১৬ মার্চ ২০২০ সোমবার
আগামীকাল থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ
করোনাভাইরাসের সংক্রমন থেকে বাঁচতে প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে আগামীকাল মঙ্গলবার ১৭ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা দিয়েছে সরকার।
আজ সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ সিদ্ধান্ত হয়।
শিক্ষা উপমন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী বলেন, ‘সোমবার বিকালের মধ্যে আনুষ্ঠানিকভাবে (শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের) নির্দেশ দেয়া হবে।
এদিকে, করোনাভাইরাস আতঙ্কের মধ্যে সব ধরনের ক্লাস ও পরীক্ষা স্থগিতের ঘোষণা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের উচ্চপর্যায়ের এক বৈঠক শেষে সংক্ষিপ্ত প্রেস ব্রিফিংয়ে উপাচার্য অধ্যাপক ড. মো. আক্তারুজ্জামান এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, করোনাভাইরাসের কারণে গ্রীষ্মকালীন ছুটি এগিয়ে এনে আগামী ১৮ মার্চ থেকে ২৮ মার্চ করা হয়েছে। আর এ সময়ে বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা স্থগিত থাকবে।
এর আগে করোনাভাইরাসের সংক্রমণ রোধে বিশ্বের অনেক দেশ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দিলেও বাংলাদেশ তেমন কোনো ঘোষণা আসেনি। সে সময় সরকার বলেছে, দেশে এখনো শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের মতো পরিস্থিতি তৈরি হয়নি। তেমন পরিস্থিতি তৈরি হলে এ বিষয়ে ব্যবস্থা নেবে।
তবে সরকারের এই আশ্বাসে আতঙ্ক কমেনি অভিভাবকদের। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের জন্য প্রতিদিনই অভিভাবকদের দাবির মুখে পড়েছে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানরা। অনেক অভিভাবক তাদের সন্তানদের স্কুলে পাঠানো বন্ধ করে দেন। আবার অনেক বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা বর্জন করে ক্যাম্পাস বন্ধের দাবিতে আন্দোলন করেন।
শুধু তাই নয়, করোনাভাইরাসের সংক্রমণ রোধে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টেও রিট হয়েছে। রিটে দেশের বিমান, নৌ ও স্থলবন্দরগুলোও বন্ধে চাওয়া হয়েছে নির্দেশনা। অবশেষে সরকারের তরফ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের এ ঘোষণা আসলো।
