করোনা মুক্তির সনদ নিয়ে ঢাকায় এসেছেন ৩৪ চীনা নাগরিক
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৪:৪৮ পিএম, ১৬ মার্চ ২০২০ সোমবার
ছবি: সংগৃহীত
করোনাভাইরাসের মুক্তির সনদ নিয়ে ঢাকায় এসে পৌঁছেছেন ৩৪ চীনা নাগরিক ও ১০ বাংলাদেশি। সোমবার (১৬ মার্চ) ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তারা দেশে আসেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক তৌহিদুল আহসান।
তিনি বলেন, সকালে যারা চীন থেকে দেশে ফিরেছেন তাদের হোম কোয়ারেন্টাইনে থাকতে নির্দেশ দেয়া হয়েছে। তারা সবাই চীনেও হোম কোয়ারেন্টাইনে ছিলেন, বাংলাদেশেও থাকতে হবে।
তৌহিদুল আহসান আরও বলেন, করোনার কারণে দুপুর ১২টা থেকে ইউরোপের সব ফ্লাইট ঢাকায় আসা বন্ধ। কোনো যাত্রী যদি দেশে আসেনও তবে তাকে পুশব্যাক করা হবে।
প্রসঙ্গত, চীনের উহান থেকে প্রাণঘাতী করোনাভাইরাস বিশ্বময় ছড়িয়ে পড়েছে। এই ভাইরাসে এখন পর্যন্ত ৬ হাজার ৪৭৫ জন মারা গেছেন। বাংলাদেশে আটজন করোনা রোগী শনাক্ত হয়েছে। এদের মধ্যে তিনজন সুস্থ হয়েছেন।
-জেডসি
