'বঙ্গবন্ধুর আদর্শ ও দর্শন ধারণ করে শোষনহীন সমাজ প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে'
প্রকাশিত : ১০:৫০ এএম, ৩১ আগস্ট ২০১৫ সোমবার | আপডেট: ০৫:১০ পিএম, ৩১ আগস্ট ২০১৫ সোমবার
স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : স্পিকার ও সিপিএ চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, বঙ্গবন্ধুর আদর্শ ও দর্শনকে ধারণ করে ক্ষুধা-দারিদ্রমুক্ত শোষনহীন সমাজ প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
আজ ধানমন্ডির নজরুল ইনস্টিটিউট মিলনায়তনে জাতীয় শোক দিবস উপলক্ষে কেন্দ্রীয় বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা আয়োজিত ‘‘বঙ্গবন্ধুর আদর্শ ও নতুন প্রজন্ম’’ শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।
প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ও কেন্দ্রীয় বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এতে বিশেষ অতিথি হিসেবে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সংক্রান্ত স্থায়ী কমিটির সভাপতি মুন্নুজান সুফিয়ান, কবি নুরুল হুদা, ড. ইনামুল হক ও অ্যাডভোকেট সুলতানা কামাল বক্তব্য রাখেন।
শিরীন শারমিন বলেন, বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়ন করতে হলে তাঁর দর্শন হৃদয়ে ধারণ করতে হবে। বাংলার মানুষের অধিকার তথা শোষণ-বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় বঙ্গবন্ধু সমগ্র জীবন কাজ করেছেন । তিনি বাংলার মানুষের রাজনৈতিক মুক্তি নিশ্চিত করেছেন । সত্য ও ন্যায়ের প্রতি তার আস্থা ছিলো অবিচল।
স্পিকার বলেন, তার সামগ্রিক জীবন বিশ্লেষণ করে এর সাথে শিশু কিশোরদের সম্পৃক্ত করতে হবে। তাহলেই নতুন প্রজন্ম বঙ্গবন্ধুর আদর্শকে হৃদয়ে ধারণ করতে উদ্বুদ্ধ হবে। বঙ্গবন্ধুর দর্শন আজ শিশু কিশোরদের মাঝে ছড়িয়ে দিতে হবে।
তিনি বলেন, ‘বঙ্গবন্ধু বিশ্বে আত্মমর্যাদাশীল জাতি হিসাবে আমাদের প্রতিষ্ঠিত করে গেছেন। বঙ্গবন্ধুর দেশপ্রেমকে ধ্রুবতারার মত সামনে রেখে তার আদর্শ ও দর্শনকে ধারণ করে ক্ষুধা দারিদ্র্যমুক্ত, শোষণহীন বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় আসুন আমরা একযোগে কাজ করি।’
স্পিকার বলেন, বাংলাদেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। বিশ্বের বুকে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল। বঙ্গবন্ধুর আদর্শকে অনুসরণ করে দেশকে বিশ্বের বুকে একটি আত্মমর্যাদাশীল দেশ হিসেবে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে আসুন আমরা সকলে মিলে একযোগে কাজ করি। তিনি বলেন, শোষনমুক্ত সমাজ বিনির্মাণের স্বপ্ন দেখেছিলেন বঙ্গবন্ধু। সেই স্বপ্ন বাস্তবায়ন করতে, সোনার বাংলা গড়তে বাংলাদেশের প্রত্যেক নাগরিককে কাজ করে যেতে হবে।
তিনি আরো বলেন, দুঃখী মানুষের মুখে হাসি ফোটানো ছিলো তার জীবনের মূল লক্ষ্য। বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে তারই স্বপ্নের সোনার বাংলা গড়তে সকলকে একযোগে কাজ করতে হবে। 