ঢাকা, সোমবার ০৬, জুলাই ২০২৬ ১৫:৫১:২৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ভারত: নৌবাহিনীতেও নারীদের স্থায়ী কমিশনড পদে নিয়োগের নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৫৬ পিএম, ১৭ মার্চ ২০২০ মঙ্গলবার

সেনাবাহিনীতে নারীদের স্থায়ী কমিশনড পদে নিয়োগের জন্য আগেই নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। এবার ভারতীয় নৌবাহিনীতেও সেই একই নিয়োগ ব্যবস্থা চালু করার কথা বলল শীর্ষ আদালত। খবর আনন্দবাজার পত্রিকা

আজ মঙ্গলবার একটি ঐতিহাসিক রায়ে শীর্ষ আদালত জানিয়ে দেয়, ভারতীয় নৌবাহিনীতে নারী অফিসাররাও পুরুষদের সমকক্ষ। লিঙ্গবৈষম্য না রেখে পুরুষ ও নারী অফিসারদের সঙ্গে একই রকম আচরণ করা উচিত বলেও কেন্দ্রীয় সরকারকে জানিয়েছেন বিচারপতিরা।

এ দিন বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চ এ নিয়ে রায় দিতে গিয়ে বলে, যে সব নারীরা দেশের সেবা করছেন তাদের স্থায়ী কমিশনড পদে নিয়োগ না করা হলে,  তা চরম অবিচার হবে। এ নিয়ে তিন মাসের মধ্যে কেন্দ্রীয় সরকারকে পদক্ষেপ করতেও নির্দেশ দেওয়া হয়েছে। শীর্ষ আদালতের মতে, নৌবাহিনীতে নারীদের স্থায়ী ভাবে নিয়োগের ক্ষেত্রে কোনও লিঙ্গবৈষম্য থাকতে পারে না।

চলতি বছর ফেব্রুয়ারি মাসেই সেনাবাহিনীতে নারীদের স্থায়ী নিয়োগের ব্যবস্থা কার্যকর করতে নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। সে সময় বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় ও বিচারপতি অজয় রাস্তোগির ডিভিশন বেঞ্চই জানিয়ে দেয়,  সেনাবাহিনীতে নারীদের নিয়োগ একটি প্রগতিশীল পদক্ষেপ। এ নিয়ে কোনওরকম বৈষম্য চলবে না। এ দিন নৌবাহিনীর ক্ষেত্রেও সেই রায়ের ব্যতিক্রম হয়নি।

শীর্ষ আদালতের মতে, নারী অফিসারদের নিয়োগের ক্ষেত্রে বিধিনিষেধ সরে গেলে পুরুষ ও নারীর আরও কোনও ভেদাভেদ থাকবে না।