রাজধানীতে এবার ছাত্রী ধর্ষিত, শিক্ষক পলাতক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : ০২:৫৯ পিএম, ৩১ আগস্ট ২০১৫ সোমবার
রাজধানীতে এবার ধর্ষণের শিকার হল ছাত্রী। ধোলাইরপাড়ের এক মাদ্রাসার ছাত্রী তার শিক্ষক ধর্ষণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ১৪ বছর বয়সি ওই ছাত্রীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ডাক্তারি পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। শিক্ষক পলাতক বলে পুলিশ জানিয়েছে।
শ্যামপুর থানার ওসি শেখ মো. আব্দুর রাজ্জাক উইমেননিউজকে বলেন, রোববার রাতে ওই ছাত্রীর অভিভাবক থানায় এসে অভিযোগ করেন। এরপর ওই ছাত্রীকে হাসপাতালে পাঠানো হয়। শিক্ষক হাসান খন্দকারে বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।
ওই ছাত্রীর বাবা উইমেননিউজকে বলেন, এক মাস আগে ধোলাইপাড়ের একটি ক্যাডেট মাদ্রসায় তার মেয়েকে ভর্তি করান তিনি। শনিবার মাদ্রাসায় গিয়ে মেয়েকে পাননি তিনি। পরে খুঁজে রোববার বিকালে সদরঘাটে মেয়ের দেখা পান। ওই কিশোরী জানিয়েছে, শিক্ষক হাসান বিয়ের প্রলোভন দেখিয়ে নারায়ণগঞ্জে নিয়ে তাকে ধর্ষণ করে। পরে রোববার বিকালে সদরঘাটে রেখে পালিয়ে যায়।
