করোনা রুখতে রোববার জনতা কার্ফুর ডাক দিলেন মোদি
আন্তর্জাতিক ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১০:৩০ পিএম, ১৯ মার্চ ২০২০ বৃহস্পতিবার
করোনা রুখতে রোববার জনতা কার্ফুর ডাক দিলেন মোদি
এবার করোনাভাইরাস রুখতে ‘জনতা-কার্ফু’র ঘোষণা দিলো ভারত। সরকারি নির্দেশ জারি করে বাধ্য করা নয়, দেশবাসীর কাছে স্বেচ্ছায় কার্ফু পালনের আহ্বান জানালেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
মরণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে এ ঘোষণা দিয়েছেন নরেন্দ্র মোদি। আজ বৃস্পতিবার রাতে জাতির উদ্দেশে ভাষণ দিতে গিয়ে তিনি এ ঘোষণা দেন।
রোববার সকাল সাতটা থেকে রাত ন’টা পর্যন্ত দেশবাসীকে স্বেচ্ছায় ঘরবন্দি থাকার আর্জি জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আগামী শুক্র ও শনিবার এই নিয়ে প্রচার করুন।’
পাশাপাশি দুধ, খাবার, ওষুধের মতো অপরিহার্য দ্রব্য অযথা মজুত না করার কথাও বলেছেন প্রধানমন্ত্রী। জানিয়েছেন, আর্থিক সঙ্কট কাটাতে গঠিত হয়েছে টাস্ক ফোর্স।
ভাষণে নরেন্দ্র মোদি বলেন, ‘এ সময়ে কেউ যেন বাড়ি থেকে বের না হয় এবং সামাজিক আড্ডায় মিলিত না হয়। তবে জরুরি সেবাদানকারী কর্মীরা এই নির্দেশনার বাইরে থাকবে।’
করোনাভাইরাস পরিস্থিতিতে জাতির উদ্দেশে ভাষণ ভারতের প্রধানমন্ত্রী বলেন, ‘দেশ কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। সংকট এখনো কাটেনি। এই পরিস্থিতিতে আমি আপনাদের কাছ থেকে সময় চেয়ে নিতে চাই। ভারতে করোনার প্রভাব পড়বে না তা ভাবা ভুল। মহামারিকে রোধ করতে নিজের কর্তব্য পালন করব।’
তিনি আরও বলেন, ‘সংকল্প নেব আমরা সচেতন হব। অপরকে সংক্রমণের হাত থেকে বাঁচাব। সকলকে সুস্থ রাখার জন্য সামাজিক দূরত্ব তৈরি করতে হবে। ভিড় থেকে দূরে থাকতে হবে। কয়েক সপ্তাহ খুব জরুরি কাজ ছাড়া বাইরে বেরোবেন না।’
