করোনাভাইরাসে ভারতে মৃতের সংখ্যা বেড়ে ৪
আন্তর্জাতিক ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১২:১৮ পিএম, ২০ মার্চ ২০২০ শুক্রবার
ছবি: ইন্টারনেট
ভারতে ভয়াবহ করোনাভাইরাসে আরও একজনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। এ নিয়ে দেশটিতে করোনায় প্রাণ হারালেন মোট চারজন। স্থানীয় সংবাদ মাধ্যম আনন্দবাজার জানায়, বৃহস্পতিবার পাঞ্জাবের বাঙ্গা শহরে জার্মানি ফেরত ৭০ বছর বয়সী ওই বৃদ্ধ মারা যান।
পাঞ্জাব স্বাস্থ্য দপ্তরের বরাত দিয়ে আনন্দবাজার জানায়, বৃদ্ধের ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের সমস্যা ছিল। দেশে ফেরার পরে সর্দি-জ্বর হয়েছিল তার। বুধবার সকালে বুকে ব্যথা হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর আধ ঘণ্টার মধ্যেই তিনি মারা যান।
সম্প্রতি জার্মান থেকে দেশে ফিরেছিলেন ওই বৃদ্ধ। জার্মান যাওয়ার আগে তিনি ভয়াবহভাবে করোনায় আক্রান্ত ইউরোপের দেশ ইতালি সফর করেছিলেন। শুক্রবার তার মরদেহের করোনা-পরীক্ষার রিপোর্ট পজিটিভ হওয়ার পরই ভয়াবহ ওই ভাইরাসে ভারতে চতুর্থ মৃত্যুর বিষয়ে নিশ্চিত হলেন কর্তৃপক্ষ।
এছাড়া তার করোনা রিপোর্ট হাতে আসার পর পাঞ্জবে ওই লোকের গ্রামের বাড়ির ৩ কিলোমিটার এলাকা সিল করে দেয়া হয়েছে। এছাড়া চিকিৎসক ও যে দুইজন নার্স ওই বৃদ্ধের চিকিৎসা করেছিলেন তারা এবং পরিবারের সদস্যসহ মোট ১৭ জনকে কোয়রেন্টাইনে পাঠানো হয়েছে।
এদিকে শুক্রবার ইরানেও করোনা-আক্রান্ত এক ভারতীয় মারা গেছেন।
ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে দেশে সংক্রমিতের সংখ্যা ১৭৩। তবে ইন্ডিয়ান কাউন্সিল ফর মেডিক্যাল রিসার্চের (আইসিএমআর) মতে দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছেন মোট ১৯৪ জন।
-জেডসি
