১৮৫ দেশে করোনা, মৃতের সংখ্যা ১১ হাজার ছাড়িয়েছে
অনলাইন ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১২:৫২ পিএম, ২১ মার্চ ২০২০ শনিবার
১৮৫ দেশে করোনা, মৃতের সংখ্যা ১১ হাজার ছাড়িয়েছে
চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়া মরণব্যাধী করোনাভাইরাস প্রকোপ ছড়িয়েছে বিশ্বের ১৮৫টি দেশ ও অঞ্চলে। ভাইরাসটির সংক্রমণে বিশ্বজুড়ে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ১১ হাজার ৪০১ জন। সারা বিশ্বে ২ লাখ ৭৬ হাজার ৭ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৯১ হাজার ৯৫২ জন।
সফটওয়্যার সল্যুশন কোম্পানি ‘ডারাক্সে’র পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ‘ওয়ার্ল্ডোমিটারে’ প্রকাশিত তথ্যে এ খবর পাওয়া গেছে।
ওয়ার্ল্ডোমিটার জানিয়েছে, চীনের মূল ভূখণ্ডে মহামারী আকার ধারণ করে করোনাভাইরাস প্রাণ নিয়েছে দেশটির ৩ হাজার ২৫৫ মানুষের। তবে চীনের মৃত্যুহার ছাড়িয়ে গেছে ইতালিতে। ইউরোপের দেশটিতে এখন পর্যন্ত মারা গেছেন ৪ হাজার ৩২ জন। ইতালিতে আক্রান্ত হয়েছে ৪৭ হাজার ২১ জন।
ইতালির পর সবেচেয়ে বেশি আক্রান্ত হয়েছে স্পেনে। দেশটিতে হয়েছেন ২১ হাজার ৫৭১ জন। মারা গেছেন ১ হাজার ৯৩ জন। তবে মৃতের সংখ্যার দিক দিয়ে ইতালির পরের অবস্থানে আছে ইরান। দেশটিতে এ ভাইরাসে মৃত্যু হয়েছে ১ হাজার ৪৩৩ জনের।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার দেওয়া তথ্যমতে,এই ভাইরাসে মৃত্যুর হার ৩ দশমিক ৪ শতাংশ। যারা প্রাণ হারিয়েছেন তাদের মধ্যে ২১ দশমিক ৯ শতাংশ মানুষের বয়স ছিল ৮০ বছরের উপরে। ৪০ থেকে ৪৯ বছর বয়সীদের এই ভাইরাসে মৃত্যুর হার ০ দশমিক ৪ শতাংশ।
তবে নারীদের তুলনায় বেশি ঝুঁকিতে পুরুষরা। মৃত্যুর হার পুরষদের ৪ দশমিক ৭ শতাংশ এবং নারীদের মৃত্যুর হার ২ দশমিক ৮ শতাংশ।
