বাংলাদেশকে মাস্কসহ নানা সরঞ্জাম দেবেন জ্যাক মা
আন্তর্জাতিক ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৭:৩৮ পিএম, ২১ মার্চ ২০২০ শনিবার
বাংলাদেশকে মাস্কসহ নানা সরঞ্জাম দেবেন জ্যাক মা
করোনাভাইরাস মোকাবিলায় বাংলাদেশসহ কয়েকটি দেশকে সাহায্য করবেন বলে জানিয়েছেন চীনা ধনকুবের ও আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মা।
তিনি জানান, বাংলাদেশসহ এশিয়ার ১০টি দেশে তারা ১৮ লাখ মাস্ক, দুই লাখ ১০ হাজার টেস্ট কিট, ৩৬ হাজার নিরাপত্তামূলক পোশাক দান করবেন। সেইসঙ্গে ভেন্টিলেটর এবং থার্মোমিটারও দেওয়া হবে।
আজ শনিবার নিজের ভেরিফাইড টুইটার অ্যাকাউন্টে এই ঘোষণা দিয়েছেন জ্যাক মা। বাংলাদেশের পাশাপাশি এসব সরঞ্জাম পাবে আফগানিস্তান, কম্বোডিয়া, লাওস, মালদ্বীপ, মঙ্গোলিয়া, মিয়ানমার, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কা।
জ্যাক মা ওই টুইটে লিখেন, ‘সরবরাহ কার্যক্রম হয়তো দ্রুত করা সম্ভব হবে না। কিন্তু আমরা এটি করব।’
এর আগে তিনি ইউরোপ, আমেরিকা ও এশিয়ার বিভিন্ন দেশে সাহায্য পাঠিয়েছেন।
জ্যাক মা চীনা ই-কমার্স প্রতিষ্ঠান আলিবাবার প্রতিষ্ঠাতা। এর বাজার মূল্য এখন ৪০ হাজার কোটি ডলার। বর্তমানে জ্যাক মা এশিয়ার শীর্ষ ধনী ব্যক্তি।
