ঢাকা, সোমবার ০৬, জুলাই ২০২৬ ১২:৫৯:৫৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

করোনা মোকাবিলায় সৌদি আরবে কারফিউ জারি

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:২০ পিএম, ২৩ মার্চ ২০২০ সোমবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

এবার করোনা মোকাবিলায় কারফিউ জারি করেছে মধ্যপ্রাচ্যের মুসলিম অধ্যুষিত রাষ্ট্র সৌদি আরব। দেশটির বাদশাহ সালমান রোববার এক ঘোষণায় দেশটিতে ২১ দিনের কারফিউ জারি করেছেন। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এসপিএ’র বরাতে এ সংবাদ প্রকাশ করেছে বিবিসি।

খবরে বলা হয়, এই কারফিউ সোমবার সন্ধ্যা ৭টা থেকে পরদিন সকাল ৬টা পর্যন্ত বলবৎ থাকবে। যা আগামী ২১ দিন একটানা কার্যকর হবে। পরে পরিস্থিতি বিবেচনা করে এর সময়সীমা পরিবর্তন করা হতে পারে।

তবে নিরাপত্তা, স্বাস্থ্য, পানি, বিদ্যুৎ, সংবাদমাধ্যমের মতো জরুরি সেবাগুলো কারফিউ সিদ্ধান্তের আওতাভুক্ত নয় বলেও জানিয়েছে এসপিএ।

দেশটি গত শুক্রবার সব ধরনের অভ্যন্তরীণ ফ্লাইট ও বাস-ট্রেন-ট্যাক্সি চলাচল বন্ধ ঘোষণা করে। যা ২১ মার্চ (শনিবার) থেকে পরবর্তী ১৪ দিনের জন্য কার্যকর হয়েছে।

বিশ্লেষকদের মতে, প্রাণঘাতী করোনার বিস্তার রোধে বাধ্য হয়ে দেশটিতে এই পদক্ষেপ নিয়েছে। কারফিউ চলাকালীন বিশেষ প্রয়োজন ছাড়া সর্বসাধারণ বাড়ির বাহিরে আসতে পারবেন না।

সৌদির স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে পাঠানো তথ্য অনুযায়ী, দেশটিতে মহামারি ভাইরাসটির থাবায় এখনো কোনো প্রাণহানি না ঘটলেও করোনায় আক্রান্ত হয়েছেন ৫১১ জন। এমন প্রেক্ষাপটে দেশজুড়ে কারফিউ জারির ঘোষণা দিলেন বাদশাহ সালমান।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, উৎপত্তিস্থল চীনের সীমা অতিক্রম করে এর মধ্যে বিশ্বের অন্তত ১৯২টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। বিশ্বব্যাপী ভাইরাসে আক্রান্ত হয়েছেন প্রায় ৩ লাখ ৩৭ হাজার মানুষ। আর করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যাও এরই মধ্যে ১৪ হাজার ৬৪৭ জনে পৌঁছেছে।

চিকিৎসকরা জানিয়েছেন, করোনাভাইরাস মানুষ ও প্রাণীদের ফুসফুসে সংক্রমণ করতে পারে। ভাইরাসজনিত ঠান্ডা বা ফ্লুর মতো হাঁচি-কাশির মাধ্যমে মানুষ থেকে মানুষে ছড়িয়ে পড়ছে এ ভাইরাস। ভাইরাসটিতে সংক্রমিত হওয়ার প্রধান লক্ষণগুলো হলো, শ্বাসকষ্ট, জ্বর, কাশি, নিউমোনিয়া ইত্যাদি। তাছাড়া শরীরের এক বা একাধিক অঙ্গ-প্রত্যঙ্গ নিষ্ক্রিয় হয়ে আক্রান্ত ব্যক্তির মৃত্যু হতে পারে।

বর্তমানে সবচেয়ে আতঙ্কের বিষয় হলো ভাইরাসটি নতুন হওয়ায় এখনো আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিষেধক আবিষ্কার হয়নি। ভাইরাসটির সংক্রমণ থেকে বাঁচার একমাত্র উপায় সংক্রমিত ব্যক্তিদের থেকে দূরে থাকা। তাই মানুষের শরীরে এমন উপসর্গ দেখা দিলেই দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ দিয়েছেন বিজ্ঞানীরা।

-জেডসি