করোনাভাইরাসে আক্রান্ত গ্রেটা থুনবার্গ!
আন্তর্জাতিক ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১১:২৯ এএম, ২৬ মার্চ ২০২০ বৃহস্পতিবার
ছবি: ইন্টারনেট
সুইডেনের পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গ জানিয়েছেন, সম্ভবত আমি প্রাণঘাতী করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত। আমি ও আমার বাবা প্রথম ইউরোপ সফর সেরে ফেরার পরে নিজেদের আইসোলেশনে রেখেছি। আমরা দুইজনেই অসুস্থতা অনুভব করছি। কাঁপুনির পাশাপাশি গলাব্যথাও রয়েছে। পাশাপাশি ক্লান্তিও অনুভব করছি আমরা।
সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে এক পোস্টে এই কথা জানান তিনি।
গ্রেটা থুনবার্গ জানান, এই পরিস্থিতিতে দুই সপ্তাহের জন্য নিজেকে আলাদা করে নিয়েছি। করোনা ভাইরাসের কোনো পরীক্ষা আমার উপর হয়নি। কিন্তু যা লক্ষণ, মনে হচ্ছে আমিও এর কবলে পড়েছি।
নিজের পোস্টে তরুণ প্রজন্মকে এই ভাইরাসের বিষয়টিকে গুরুত্ব সহকারে বিবেচনা করার আর্জি জানান।এছাড়া জলবায়ুর পরিবর্তন মোকাবিলায় অবিলম্বে পদক্ষেপ গ্রহণের দাবিও জানান তিনি।
১৭ বছরের গ্রেটা জলবায়ু বাঁচানোর অভিযান করে বিশ্বখ্যাত হয়েছেন। জাতিসঙ্ঘ শীর্ষ সম্মেলনে বিশ্বনেতাদের সামনে তার বলিষ্ঠ বক্তব্য রাতারাতি তাকে গোটা বিশ্বের কাছে পরিচিত করে তোলে।
প্রসঙ্গত, করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় বিশ্বব্যাপী করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২১ হাজার ২০০ জন এবং আক্রান্তের সংখ্যা চার লাখ ৬৮ হাজার ৯০৫ জন। অপরদিকে, ১ লাখ ১৪ হাজার ২১৮ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
-জেডসি
