কচুয়ায় গৃহবধূর আত্মহত্যা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : ১১:০৭ এএম, ৮ সেপ্টেম্বর ২০১৫ মঙ্গলবার
চাঁদপুরের কচুয়া উপজেলার কাদলা গ্রামে স্বামীর সঙ্গে ঝগড়া করে মাহমুদা বেগম (৪৫) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে নিজ বাড়ির পাশে একটি আম গাছ থেকে ঝুলন্ত অবস্থায় তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
এর আগে সোমবার রাতে মাহমুদা আত্মহত্যা করেন। তিনি কাদলা গ্রামের বেপারী বাড়ির সেকান্দর আলীর স্ত্রী ও শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের সোনাচোঁ গ্রামের মিয়াজী বাড়ির ছিদ্দিকুর রহমানের মেয়ে। কচুয়া থানার উপপরিদর্শক (এসআই) মাহবুব আলম উইমেননিউজকে জানান, ক্ষুদ্র ঋণ দানকারী প্রতিষ্ঠান আশা ও ব্র্যাক থেকে নেওয়া ঋণ পরিশোধ করা নিয়ে স্বামীর সঙ্গে রাতে ঝগড়া হয় মাহমুদার। সকালে বাড়ির পাশে আমগাছে তার ঝুলন্ত মৃতদেহ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশে খবর দেয়।
তিনি জানান, ধারণা করা হচ্ছে স্বামীর সঙ্গে ঋণ পরিশোধ করা নিয়ে ঝগড়ার জেরে মাহমুদা আত্মহত্যা করেছেন। তার শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। কচুয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইব্রাহিম খলিল জানান, মৃতদেহ চাঁদপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
