রাষ্ট্রীয় কাজে ব্যক্তিগত ইমেল ব্যবহারে ক্ষমা চাইলেন হিলারী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : ০৮:১৯ এএম, ৯ সেপ্টেম্বর ২০১৫ বুধবার
সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন দায়িত্ব পালনকলে রাষ্ট্রীয় কাজে ব্যক্তিগত ইমেইল সার্ভার ব্যবহারের জন্য ক্ষমা চেয়েছেন। তিনি বলেছেন, তার এ সিদ্ধান্ত ‘ভুল’ ছিল। যদিও এর আগে ক্লিনটন তার ইমেইল ব্যবহার নিয়ে সৃষ্ট বিতর্ক নাকচ করে দিয়েছেন।
যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার দৌড়ে এগিয়ে থাকা ক্লিনটনকে এ বিতর্কের জন্যে নানা জটিলতা মোকাবেলা করতে হচ্ছে। এমনকি তার জনসমর্থনেও কিছুটা ভাটার টান লক্ষ্য করা যাচ্ছে। তবে মঙ্গলবার সন্ধ্যায় এক সাক্ষাৎকারে ক্লিনটন এবিসি’র ‘ওয়ার্ল্ড নিউজ টুনাইটকে’ বলেন, ইমেইল বিতর্কে সৃষ্ট পরিস্থিতির পুরো দায় তিনি নিচ্ছেন। এ জন্যে তিনি দুঃখ প্রকাশ করে বলেন, ‘এটি ছিল একটি ভুল। এ জন্যে আমি দুঃখিত। আমি এর পুরো দায় নিচ্ছি।’
২০০৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রির দায়িত্ব পালনকালে সরকারি ইমেইল সার্ভারের পরিবর্তে ক্লিনটন তার ব্যক্তিগত ইমেইল সার্ভার ব্যবহার করেন। গত সপ্তাহে তিনি বলেছিলেন, আমি আমার ভিন্ন পছন্দের বিষয়ে নিশ্চিত ছিলাম। কিন্তু এ বিতর্কের কারণে জনমনে যে বিভ্রান্তি তৈরি হয়েছে তার জন্যে আমি দু:খিত। কিন্তু মঙ্গলবার তিনি স্বীকার করে বলেন, আমার আসলে দুটি একাউন্ট ব্যবহার করা উচিৎ ছিল। একটি ব্যক্তিগত ও অপরটি সরকারি কাজের জন্যে।
