ঢাকা, শুক্রবার ১৭, জুলাই ২০২৬ ৮:৪৩:৪১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

দেশের উন্নয়নে প্রচেষ্টা চালাতে পুলিশ কর্মকর্তাদের প্রতি হাসিনা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত : ১১:০২ এএম, ১০ সেপ্টেম্বর ২০১৫ বৃহস্পতিবার

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমান ও ভবিষ্যৎ চ্যালেঞ্জ সাহসিকতা ও আন্তরিকতার সাথে মোকাবেলা করে দেশ-জাতির উন্নয়নে নিজেদের নিবেদিত রাখার জন্য নতুন পুলিশ কর্মকর্তাদের প্রতি নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, ‘আমার প্রত্যাশা মহান স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশ পুলিশের যে গৌরবোজ্জ্বল ভূমিকা রয়েছে তা আপনারা অক্ষুণ রাখবেন।’

শেখ হাসিনা আন্তরিকতা ও মানবিক দৃষ্টি থেকে জনগণের সমস্যা সমাধানের মাধ্যমে তাদের আস্থা অর্জনে পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দেন। তিনি বলেন,আপনাদের মনে রাখতে হবে, মানুষ তার চরম বিপদের সময় পুলিশের কাছে সাহায্যের জন্য যায়। আইনী সেবা দিয়ে ও মানবিক আচরণ করে গণমানুষের আস্থা অর্জন করতে হবে। প্রধানমন্ত্রী আজ সকালে বাংলাদেশ পুলিশ একাডেমিতে ৩৩তম বিসিএস (পুলিশ) ক্যাডারের শিক্ষানবিস সহকারী পুলিশ সুপার (এএসপি) শিক্ষা সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানের ভাষণে এসব কথা বলেন।

শেখ হাসিনা কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন এবং খোলা জিপে করে কুচকাওয়াজ পরিদর্শন করেন। তিনি শিক্ষানবিস সেরা এএসপিদের মাঝে মেডেল বিতরণ করেন। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহিদুল হক, একাডেমির অধ্যক্ষ নাঈম আহমেদ এবং উপাধ্যক্ষ অমূল্য ভূষণ বড়–য়া অন্যান্যের মধ্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী নতুন পুলিশ অফিসারদেরকে জনগণের মৌলিক অধিকার, মানবাধিকার ও আইনের শাসনের সর্বাধিক গুরুত্ব প্রদানের নির্দেশ দিয়েছেন।

তিনি বলেন, ‘আমি আশা করি আপনারা দুষ্টের দমন ও শিষ্টের পালন নিশ্চিত করবেন।’ পুলিশ বাহিনীর উন্নয়নে তাঁর সরকারের পদক্ষেপের কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, যখনই আওয়ামী লীগ সরকার গঠন করেছে দেশের আইন-শৃঙ্খলা রক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উন্নয়নে কাজ করেছে।

তিনি বলেন, আমাদের লক্ষ্য একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় একটি যুগোপযোগী আধুনিক পুলিশ বাহিনী গড়ে তোলা এবং এজন্য আমরা বিভিন্ন বাস্তবমুখী ও জনবান্ধব কর্মসূচি গ্রহণ করেছি। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ পুলিশের সাংগঠনিক কাঠামোতে ৭৩৩টি ক্যাডার পদসহ ৩২ হাজার ৩১টি পদ সৃষ্টি করা হয়েছে। তথাপিও দেশের জনসংখ্যার অনুপাতে পুলিশে জনবল যথেষ্ট নয়। তিনি বলেন, এই বিবেচনায় আমরা বাংলাদেশ পুলিশে আরও ৫০ হাজার নতুন পদ সৃষ্টির সিদ্ধান্ত নিয়েছি। ইতোমধ্যেই ১০ হাজার পুলিশ সদস্যের নিয়োগ সম্পন্ন হয়েছে। বাকি জনবলের নিয়োগ কার্যক্রম অচিরেই সম্পন্ন করা হবে। শেখ হাসিনা বলেন, রংপুর ও গাজীপুর মেট্রোপলিটন পুলিশ গঠনের কাজ শেষ পর্যায়ে রয়েছে। বর্ধিত জনবলের সাথে প্রয়োজনীয় যানবাহন ও অন্যান্য সরঞ্জামাদি সরবরাহের বিষয়টিও আমাদের সক্রিয় বিবেচনায় রয়েছে।

তিনি বলেন, ‘হোম অব পুলিশ’ খ্যাত এই একাডেমিকে আমরা ঢেলে সাজিয়েছি। নবনিযুক্ত পুলিশ সুপারদের ধাপে ধাপে মৌলিক প্রশিক্ষণের পাশাপাশি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ‘মাস্টার অব পুলিশ সায়েন্স’ ডিগ্রি প্রদান করা হচ্ছে।