দ্রুত লকডাউন তুলে নিলে পুনরায় সংক্রমণ বাড়বে: হু
আন্তর্জাতিক ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১০:১০ এএম, ১১ এপ্রিল ২০২০ শনিবার
ছবি: ইন্টারনেট
দ্রুত লকডাউন তুলে নিয়ে করোনাভাইরাসের সংক্রমণ ভয়ানকভাবে বেড়ে যেতে পারে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।শুক্রবার সংস্থাটির প্রধান টেড্রোস আধানোম বলেছেন, অর্থনৈতিকভাবে নেতিবাচক প্রভাব পড়লেও বিধিনিষেধ তুলে নেয়ার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে যে কোন দেশকে।
করোনায় ইউরোপের সবচেয়ে ক্ষতিগ্রস্থ দেশ স্পেন ও ইতালিতে বিধিনিষেধ কিছুটা শিথিল করলেও এখনো লকডাউন অব্যাহত রয়েছে। শুধু তাই নয় শুক্রবার বিদ্যমান লকডাউনের মেয়াদ বাড়িয়েছে ইতালি। শুক্রবার টেলিভিশনে দেওয়া এক ভাষণে দেশটির প্রধানমন্ত্রী জুসেপ্পে কন্তে জানান, নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৩ মে পর্যন্ত দেশজুড়ে লকডাউন কার্যকর থাকবে।
এদিকে, করোনায় প্রাণহানির দিক থেকে সর্বোচ্চ অবস্থানে থাকা ইতালিকে ছাড়িয়ে যাওয়ার পথে যুক্তরাষ্ট্রের। দুই হাজারের বেশি মানুষের মৃত্যুর মিছিল অব্যাহত থাকলেও হোয়াইট হাউজ বলছে, সংক্রমণ আর মৃত্যুর সর্বোচ্চ মাত্রা স্থিতিশীল পর্যায়ে চলে এসেছে। তাই লক্ষাধিক মৃত্যুর যে ধারণা করা হয়েছিলো, প্রাণহানি তার চেয়ে কম হবে বলে বিশ্বাস করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
-জেডসি
