খালেদা জিয়ার দুর্নীতি মামলার পরবর্তী শুনানি ১৭ সেপ্টেম্বর
প্রকাশিত : ১২:৩৮ পিএম, ১০ সেপ্টেম্বর ২০১৫ বৃহস্পতিবার | আপডেট: ১২:৩৮ পিএম, ১০ সেপ্টেম্বর ২০১৫ বৃহস্পতিবার
স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিধি বহির্ভূতভাবে সাক্ষ্যগ্রহণের অভিযোগ তুলে আদালতে প্রতিবাদ করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আইনজীবীরা। তারা বিচার প্রক্রিয়া নিয়ে সমালোচনা করেন।
আসামিপক্ষের আইনজীবীদের দালিলিক ও মৌখিক যুক্তির পরিপ্রেক্ষিতে বিচারক রেকর্ডকৃত সাক্ষ্যের বিতর্কিত অংশ প্রত্যাহার করলেও পরে এ নিয়ে কোনো কথা বলতে রাজি হননি দুদকের আইনজীবীরা।
জিয়া চ্যারিটেবল ট্রাস্ট ও জিয়া অর্ফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় হাজিরা দিতে বৃহস্পতিবার সকালে বকশিবাজারে স্থাপিত অস্থায়ী বিশেষ জজ আদালতে যান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এ দিন সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত চ্যারিটেবল ট্রাস্ট মামলায় ৩ জন সাক্ষীকে জেরা করেন বেগম জিয়াসহ অন্য দুই আসামির আইনজীবীরা।
এরপর এ মামলার ৭ নম্বর সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শুরু হলে এর প্রক্রিয়া নিয়ে আপত্তি তোলেন বেগম জিয়ার আইনজীবীরা। এ নিয়ে প্রায় ঘণ্টা খানেক যুক্তিতর্ক শেষে বিষয়টির সুরাহা করেন বিচারক আবু আহমদ জমাদার। পরে এ নিয়ে গণমাধ্যমের সামনে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান বেগম জিয়ার আইনজীবীরা।
তবে সাক্ষ্যগ্রহণ নিয়ে সৃষ্ট বিতর্ক ও বেগম জিয়ার আইনজীবীদের মন্তব্যের কোনো জবাব দেননি দুদকের আইনজীবীরা।
আগামী ১৭ সেপ্টেম্বর মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহণ ও শুনানির দিন ধার্য করেন আদালত। তারিখ নির্ধারণ নিয়েও বাদী ও বিবাদীপক্ষের রয়েছে ভিন্ন মত।
দুর্নীতির দুই মামলায় ৭৫ কার্যদিবসের মধ্যে এ নিয়ে মোট ১৩ বার আদালতে হাজিরা দিলেন বেগম খালেদা জিয়া। 