ঢাকা, শুক্রবার ১৭, জুলাই ২০২৬ ৮:৪৪:০২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ভ্যাট প্রত্যাহার করা হবে না : অর্থমন্ত্রী

প্রকাশিত : ০১:১৯ পিএম, ১০ সেপ্টেম্বর ২০১৫ বৃহস্পতিবার | আপডেট: ০১:২৩ পিএম, ১০ সেপ্টেম্বর ২০১৫ বৃহস্পতিবার

1439547479 স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, সিলেট : বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের টিউশন ফির ওপর আরোপিত সাড়ে ৭ শতাংশ ভ্যাট প্রত্যাহার করা হবে না বলে জানিয়ে দিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তবে এই ভ্যাট শিক্ষার্থীকে নয়, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে পরিশোধ করতে হবে বলেও জানিয়েছেন তিনি। আজ বৃহস্পতিবার বিকেল ৪টায় সিলেট সার্কিট হাউসে এক জরুরি সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী এ কথা জানান। সংবাদ সম্মেলনে মন্ত্রী বলেন, ‘যে ভ্যাট আরোপ করা হয়েছে, তা প্রত্যাহার করা হবে না। আমাদের রাজস্ব সংগ্রহের উৎস কোথায়? বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর আরোপিত ভ্যাট রাজস্ব সংগ্রহের একটি ভালো উৎস হতে পারে।’ শিক্ষার্থীদের আন্দোলনের মুখে এই ভ্যাট প্রত্যাহার করা হবে কি না জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘না, এটা প্রত্যাহার করার কোনো কারণ আমি দেখি না। আমি আগে আরেকবার করেছিলাম, এটা ইমপোজ করেছিলাম। তারপর তাদের সঙ্গে বসে সেটা বাদ দিয়েছিলাম। একজন ছাত্র যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়ে তার এভারেজ খরচ হলো দৈনিক এক হাজার টাকা। এবং তার বিরাট অংশ হলো বেতন। দৈনিক এক হাজার টাকা...আমি অনেকগুলো, ২৮টা বিশ্ববিদ্যালয়ের তথ্য কাগজপত্র নিয়ে নিজে হিসাব করেছি যে তার দৈনিক খরচ এক হাজার টাকা। সেখানে আমি ৭.৫ পারসেন্ট দাবি করেছি।’ এই ভ্যাট শিক্ষার্থীদের নয়, বরং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে দিতে হবে বলেও জানান অর্থমন্ত্রী। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আজকেই বোর্ড অব রেভিনিউ একটি প্রজ্ঞাপন দিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের যে টিউশন ফি সেটা বাড়তে পারবে না।’ টিউশন ফির ওপর আরোপিত সাড়ে ৭ শতাংশ ভ্যাট প্রত্যাহারের দাবিতে আজ সকাল থেকে রাজধানীর ধানমণ্ডি সাতমসজিদ রোড, কারওয়ান বাজার, উত্তরা, রামপুরাসহ বিভিন্ন স্থানে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সারা দেশে মোট ১৬৪টি বেসরকারি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের মধ্যে এখন পর্যন্ত প্রায় ১০০টি প্রতিষ্ঠান এ আন্দোলনে অংশ নিয়েছে।