বছরব্যাপী বন্ধ থাকবে নিউইয়র্কের স্কুল, ঘোষণা মেয়রের
আন্তর্জাতিক ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৪:১২ পিএম, ১২ এপ্রিল ২০২০ রবিবার
ছবি: ইন্টারনেট
প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে বছরব্যাপী নিউইয়র্কে বন্ধ থাকবে সব সরকারি স্কুল। শনিবার এক সংবাদ সম্মেলনে নিউইয়র্ক সিটির মেয়র বিল ডে ব্লাসিও এমন ঘোষণা দিয়েছেন।
সিটি মেয়র বলেন, শিক্ষাবর্ষের বাকি সময়টা স্কুল ফের চালু করতে না পারাটা কষ্টদায়ক, তবে এখন এটাই সঠিক কাজ।
সংবাদ সংস্থা দ্য নিউইয়র্ক টাইমসের তথ্যানুযায়ী, যুক্তরাষ্ট্রে করোনা সংক্রমণের কেন্দ্রস্থল নিউইয়র্ক শহরে গত ১৬ মার্চ থেকে স্কুল বন্ধ ঘোষণা করা হয়। এতে শহরটির পাঁচটি অঞ্চলে প্রায় ১৮শ’ স্কুল প্রাথমিকভাবে বন্ধ হয়ে যায়। যা শিক্ষক, অভিভাবক এবং শিক্ষার্থীদের জন্য একটি বিশাল চ্যালেঞ্জের মুখে ফেলেছে।
জানা গেছে, নির্দেশনা অনুসারে আগামী ২০ এপ্রিল স্কুলগুলো ফের খোলার কথা ছিল। তবে বর্তমান পরিস্থিতিতে এ সিদ্ধান্ত একবারেই অসম্ভব হবে বলে জানিয়েছেন মেয়র ব্লাসিও।
এদিকে মেয়রের স্কুল বন্ধ রাখার এ সিদ্ধান্তের সঙ্গে একমত নন নিউইয়র্কের গভর্নর অ্যান্ড্রু কুয়োমো। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি জানিয়েছেন, এখনো এ ধরনের কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি।
কুয়োমো বলেন, মেট্রোপলিটনের অন্য এলাকার সঙ্গে সমন্বয় না করেই মেয়র ব্লাসিও একতরফাভাবে স্কুল বন্ধ করতে পারেন না। এ জন্য বাকিদের সঙ্গে সিটির স্কুলগুলোও খুলে দেয়ার অনুরোধ জানিয়েছেন তিনি।
ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৩২ হাজার ৮৭৯ জন। মারা গেছেন ২০ হাজার ৫৭৭ জন। এরমধ্যে শুধু নিউইয়র্ক সিটিতেই প্রাণ গেছে ৮ হাজার ৬২৭ জনের।
-জেডসি
