যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় ১৫০৯ জনের মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১০:২৪ এএম, ১৪ এপ্রিল ২০২০ মঙ্গলবার
ছবি: ইন্টারনেট
চীনের উহান থেকে ছড়িয়ে পড়া মহামারি করোনাভাইরাসের (কোভিড-১৯) তান্ডবে বিপর্যস্ত মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটিতে কার্যত প্রতিদিন আশঙ্কাজনক হারে বাড়ছে মৃতের সংখ্যা, দীর্ঘ হচ্ছে লাশের সারি। গত ২৪ ঘণ্টায় দেশটিতে আরও ১৫০৯ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল পর্যন্ত যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ২৩ হাজার ৬৪০ জন এবং আক্রান্তের সংখ্যা ৫ লাখ ৮৬ হাজার ৯৪১ জন। এছাড়া ৪৩ হাজার ৬৩৭ জন সুস্থ হয়ে উঠেছেন।
যুক্তরাষ্ট্রের শুধু নিউইয়র্কেই ১০ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ৯৫ হাজার ৩১ জন। নিউ জার্সি শহরে মৃত্যু হয়েছে ২৪৪৩ জনের। মিশিগানে মৃত্যু হয়েছে ১৪৮৭ জনের। অন্য সব শহরগুলিতে মৃতের সংখ্যা ১০০০ এর কম।
মঙ্গলবার সকাল পর্যন্ত করোনায় বিশ্বব্যাপী নিহতের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ১৯ হাজার ৬৯২ জনে এবং আক্রান্তের সংখ্যা ১৯ লাখ ২৪ হাজার ৬৭৯ জন। অপরদিকে ৪ লাখ ৪৫ হাজার ৫ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। বিশ্বের ২০৬টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে।এই ভাইরাস। উৎপত্তিস্থল চীনে ৮১ হাজারেরও বেশি মানুষ আক্রান্ত হলেও সেখানে ভাইরাসটির প্রাদুর্ভাব কমে গেছে। তবে বিশ্বের অন্যান্য দেশে এই ভাইরাসের প্রকোপ বাড়ছে। চীনের বাইরে করোনাভাইরাসের প্রকোপ বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে গত ১১ মার্চ দুনিয়াজুড়ে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
-জেডসি
