লাগাতার অবস্থান কর্মসূচি ও ধর্মঘটের ডাক শিক্ষার্থীদের
প্রকাশিত : ০৮:৫৩ এএম, ১১ সেপ্টেম্বর ২০১৫ শুক্রবার | আপডেট: ০৮:৫৩ এএম, ১১ সেপ্টেম্বর ২০১৫ শুক্রবার
স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : শিক্ষার্থীরা নয়, ভ্যাট দেবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ -জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরের এমন সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। একইসঙ্গে টিউশন ফি'র ওপর আরোপিত সাড়ে সাত শতাংশ ভ্যাট সম্পূর্ণ প্রত্যাহার করা না হলে রোববার থেকে নিজ নিজ ক্যাম্পাসে অবস্থান কর্মসূচি ও ধর্মঘট পালনেরও ঘোষণা দিয়েছেন তারা।
শুক্রবার সকালে রামপুরার আফতাবনগরে স্থানীয় একটি হোটেলে বেসরকারি ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এক প্রেসব্রিফিং থেকে এ কথা জানানো হয়।
এ সময় জানানো হয়, শিক্ষার উপর আরোপিত ভ্যাট প্রত্যাহার করতে হবে। হামলাকারী পুলিশদের বিচারের আওতায় আনতে হবে। আগামী রোববারের মধ্যে থেকে ভ্যাট প্রত্যাহারের ঘোষণা না আসলে প্রত্যেক ক্যাম্পাসের সামনে লাগাতার আন্দোলন চলবে।
অন্যদিকে, আগামী ১২, ১৩ ও ১৪ সেপ্টেম্বর দেশের সব বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ধর্মঘটের ডাক দিয়েছে নো ভ্যাট অন এডুকেশন আন্দোলনের নেতারা।
শুক্রবার সকালে রাজধানীর ধানমন্ডিতে স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ে আনুষ্ঠানিক বক্তব্যে তারা এ ঘোষণা দেন। ভ্যাট প্রত্যাহারের পাশাপাশি তারা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের টিউশন ফি'র বিষয়ে সুনির্দিষ্ট নীতিমালারও দাবি জানান।
