ঢাকা, সোমবার ০৬, জুলাই ২০২৬ ০:৫৯:৫৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

বিনা চিকিৎসায় যুক্তরাষ্ট্রে তিন হাজার ৭৮৫ করোনা রোগীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:১৮ পিএম, ১৭ এপ্রিল ২০২০ শুক্রবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে মহামারী আকার ধারণ করা করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে তিন হাজার ৭৮৫ জন মানুষ বিনা চিকিৎসায় মারা গেছেন। গত ১৪ এপ্রিল এই ভয়াবহ তথ্য প্রকাশ করেছে নিউইয়র্ক সিটির হেলথ ডিপার্টমেন্ট।

যুক্তরাষ্ট্রের ৫০টি স্টেটের মানুষই আজ কোভিড-১৯ এ আক্রান্ত। গত কয়েক মাস ধরে করোনাভাইরাস বিশ্বের বিভিন্ন দেশে তাণ্ডব চালালেও প্রায় এক মাস ধরে ভয়ঙ্কর রূপ নিয়েছে দেশটিতে। প্রাণঘাতী এ ভাইরাসে মহাশক্তিধর দেশটি জনজীবন আজ বিপর্যস্ত। এই মহামারীর আঘাতে পুরো যুক্তরাষ্ট্রে মানুষ গৃহবন্দি হয়ে পড়েছে।

বৃহস্পতিবার সকাল থেকে শুক্রবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশটিতে প্রায় ছয় হাজার মানুষের মৃত্যু হয়েছে। এর মধ্যে শুধুমাত্র নিউইয়র্কেই মৃত্যু হয়েছে প্রায় ৫ হাজার মানুষের। একই সময়ে যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ৩০ হাজারেরও বেশি মানুষ।

বৃহস্পতিবার পর্যন্ত যুক্তরাষ্ট্রে একদিনে মৃত্যুর সর্বোচ্চ রেকর্ড ছিল ২৫০০ জন। একদিনের ব্যবধানে তা কয়েক হাজার বেড়ে গিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবশ্য এর মধ্যেও আশা দেখছেন। তিনি জানিয়েছেন, করোনার হার সর্বোচ্চ শিখরে পৌঁছেছে। তার আশা খুব দ্রুত এটি কমতে শুরু করবে।

শুক্রবার সকাল পর্যন্ত যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ৩৪ হাজার ৬১৭ জন এবং আক্রান্তের সংখ্যা ৬ লাখ ৭৭ হাজার ৫৭০ জন। এছাড়া ৫৭ হাজার ৫০৮ জন সুস্থ হয়ে উঠেছেন।

যুক্তরাষ্ট্রের শুধু নিউইয়র্কেই মৃত্যু হয়েছে ১৬ হাজার ১০৬ জনের। এই প্রদেশে আক্রান্তের সংখ্যা ২ লাখ ২৬ হাজার ১৯৮ জন। নিউ জার্সি শহরে মৃত্যু হয়েছে ৩৫১৮ জনের। ম্যাসাসুসেটসে মৃত্যু হয়েছে ১২৪৫ জনের। মিশিগানে মৃত্যু হয়েছে ২০৯৩ জনের, ইলিনয়ে মৃত্যু হয়েছে ১০৭২ জনের। এছাড়া লুসিয়ানায় মৃত্যুর সংখ্যা ১১৫৬ জন। অন্য সব শহরগুলিতে মৃতের সংখ্যা ১০০০ এর কম।

যুক্তরাষ্ট্রে করোনার তাণ্ডব শুরু হয় মার্চ মাসের মাঝামাঝি সময়ে। যা এখনও চলছে। তবে এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহে এসে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। যদিও এখনও লকডাউন অব্যাহত রয়েছে।

-জেডসি