দেশে আরও ১৫ জনের মৃত্যু, নতুন শনাক্ত ২৬৬
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০২:৪৭ পিএম, ১৭ এপ্রিল ২০২০ শুক্রবার
দেশে আরও ১৫ জনের মৃত্যু, নতুন শনাক্ত ২৬৬
দেশে করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগে একদিনে সর্বাধিক রোগীর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে মারা গেছেন ১৫ জন, শনাক্ত হয়েছেন ২৬৬ জন। নতুন করে ১৫ জনের মৃত্যু হওয়ায় আজ শুক্রবার এ সংখ্যা ৭৫ জনে দাঁড়িয়েছে। এছাড়া নতুন করে ২৬৬ জন শনাক্ত হওয়ায় এ সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮৩৮ জনে।
আজ স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে বিশ্বে এ পর্যন্ত ১ লাখ ৪৫ হাজার ৫২১ জনের মৃত্যু হয়েছে। প্রাণঘাতী ভাইরাসটি গত ২৪ ঘণ্টায় ৭ হাজারের বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে।
বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, শুক্রবার সকাল পর্যন্ত কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছেন বিশ্বের ২১ লাখ ৮২ হাজার ১৯৭ জন। এদের মধ্যে বর্তমানে ১৪ লাখ ৮৯ হাজার ৩৮১ জন চিকিৎসাধীন এবং ৫৬ হাজার ৫৫৮ জন (৪ শতাংশ) আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন।
এ পর্যন্ত করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে ৫ লাখ ৪৭ হাজার ২৯৫ জন (৭৯ শতাংশ) সুস্থ হয়ে উঠেছেন এবং ১ লাখ ৪৫ হাজার ৫২১ জন (২১ শতাংশ) রোগী মারা গেছেন।
করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১০টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
