ঢাকা, রবিবার ০৫, জুলাই ২০২৬ ২৩:৩২:৪৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

স্পেনে করোনায় মৃতের সংখ্যা ছাড়ালো ২০ হাজার

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:০৫ পিএম, ১৯ এপ্রিল ২০২০ রবিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

চীনের উহান থেকে ছড়িয়ে পড়া মহামারি করোনাভাইরাসে (কোভিড-১৯) স্পেনে ৪০ শতাংশ মানুষ সুস্থ হলেও নতুন আক্রান্তের সংখ্যাও বাড়ছে প্রতিনিয়ত।স্পেনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গতকাল শনিবার ২৪ ঘণ্টায় দেশটিতে মারা গেছেন ৬৩৭ জন। এনিয়ে দেশটিতে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ২০ হাজার ৬৩৯ জনে। এছাড়া মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ৯৪ হাজার ৪১৬ জন। সুস্থ হয়েছেন ৭৪ হাজার ৬২২জন।

করোনা মহামারীতে স্পেনের কৃষিখাতে দুই লক্ষাধিক কর্মী সংকট দেখা দেয়ায় দেশটির সরকার ডকুমেন্ট বিহীন অবৈধ লোকদের কৃষিকাজ করার অস্থায়ী অনুমতি দিয়েছেন।

গত শনিবার এক সংবাদ সম্মেলনে স্পেনের প্রেসিডেন্ট পেদ্রো সানচেজ আগামী ৯ মে পর্যন্ত রাষ্ট্রীয় সতর্কতা আরও এক দফা বাড়ানোর প্রস্তাব ঘোষণা করেন।

তিনি বলেন, ২৭ শে এপ্রিল থেকে শিশুরা বাসা থেকে নির্দিষ্ট সময়ের জন্য বের হবার সুযোগ পাবে। তবে এই দুটো বিষয়ই নিশ্চিত করার জন্য রবিবার স্পেনের সবগুলো প্রাদেশিক সরকার প্রধানের সাথে তার ভিডিও কনফারেন্স করার কথা বলেন।

এদিকে, করোনাভাইরাস নিয়ে লাইভ আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, রবিবার সকাল পর্যন্ত করোনায় বিশ্বব্যাপী নিহতের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৬০ হাজার ৭৫৫ জনে এবং আক্রান্তের সংখ্যা ২৩ লাখ ৩০ হাজার ৯৩৭ জন। অপরদিকে ৫ লাখ ৯৬ হাজার ৫৩৭ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। বিশ্বের ২১০টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে।এই ভাইরাস। উৎপত্তিস্থল চীনে ৮১ হাজারেরও বেশি মানুষ আক্রান্ত হলেও সেখানে ভাইরাসটির প্রাদুর্ভাব কমে গেছে। তবে বিশ্বের অন্যান্য দেশে এই ভাইরাসের প্রকোপ বাড়ছে। চীনের বাইরে করোনাভাইরাসের প্রকোপ বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে গত ১১ মার্চ দুনিয়াজুড়ে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

-জেডসি