নোয়াখালীতে যুবকের করোনা শনাক্ত, গ্রাম লকডাউন
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১১:২০ এএম, ২০ এপ্রিল ২০২০ সোমবার
ছবি: সংগৃহীত
নোয়াখালী সদর উপজেলার চরমটুয়া ইউনিয়নে এক যুবকের করোনা শনাক্ত হওয়ার পর লকডাউন করা হয়েছে ব্রহ্মপুর গ্রামটি। এ নিয়ে জেলায় করোনা রোগীর সংখ্যা পাঁচ। যাদের মধ্যে সোনাইমুড়ীতে এক ইতালি প্রবাসী ও সেনবাগে এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে।
সোমবার সকালে ব্রহ্মপুর গ্রামটি লকডাউন ঘোষণা করেন সদর উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল ইসলাম সরদার। তিনি বলেন, করোনা পজিটিভ আসা ওই যুবকের বাড়িসহ গ্রামটি লকডাউন ঘোষণা ও তার বাড়ির সামনে একটি লাল পতাকা টাঙানো হয়েছে। গ্রামটি প্রশাসনের নজরদারিতে রাখা হয়েছে। যাতে করে বাইরের কেউ ভেতরে আর ভেতরের কেউ বাইরে না আসতে পারেন। ওই রোগীর সংস্পর্শে আসা তার পরিবারের অন্য সদস্যদের নমুনা সংগ্রহ করে বিআইটিআইডি চট্টগ্রামে পাঠানো হবে।
সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহবুবুর রহমান বলেন, নারায়ণগঞ্জ থেকে গত ১৪ এপ্রিল ওই যুবক বাড়িতে আসেন। তখন তার শরীরে জ্বর ছিল। স্বাস্থ্য কর্মীদের মাধ্যমে খবর পেয়ে পরদিন সকালে তার নমুনা সংগ্রহ করা হয়। পরে নমুনা বাংলাদেশ ইনস্ট্রিটিউট অব ট্রফিক্যাল এন্ড এনফেকসাস ডিজিস (বিআইটিআইডি) চট্টগ্রামে পাঠানো হয়। রবিবার রাত ওই যুবকের করোনা রিপোর্ট পজেটিভ আসে।
মাহবুবুর রহমান আরও জানান, হোম কোয়ারেন্টাইনে থাকা ওই যুবকের শরীরে বর্তমান উপসর্গগুলো দেখে চিকিৎসকদের তত্ত্ববধানে তাকে তার বাড়ির একটি কক্ষে অথবা ২০ শয্যা বিশিষ্ট চরআলগী হাসপাতালে আইসোলেশনে রাখা হবে। তার পরিবারের অপর সদস্যদের নমুনা রিপোর্ট আসা পর্যন্ত তারা সবাই হোম কোয়ারেন্টাইনে থাকবেন।
-জেডসি
