ঢাকা, শুক্রবার ১৭, জুলাই ২০২৬ ৭:৩৯:৩৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

শিক্ষা ছাড়া নারী-পুরুষ বৈষম্য নিরসন করা সম্ভব নয় : উপাচার্য

প্রকাশিত : ১২:২৯ পিএম, ১২ সেপ্টেম্বর ২০১৫ শনিবার | আপডেট: ১২:২৯ পিএম, ১২ সেপ্টেম্বর ২০১৫ শনিবার

Sidke-1416323648 স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক সমাজে নারী-পুরুষ বৈষম্য নিরসনে স্ব স্ব অবস্থান থেকে কাজ করার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, শিক্ষা ছাড়া নারী-পুরুষ বৈষম্য নিরসন করা সম্ভব নয়। তাই সমাজের সকল স্তরে শিক্ষার আলো ছড়িয়ে দিতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় অধ্যাপক বশিরা মান্নান ট্রাস্ট ফান্ডের উদ্যোগে ‘অধ্যাপক বশিরা মান্নান স্মারক বক্তৃতা’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। আজ বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট মিলনায়তনে ২০১৪ ও ২০১৫ সালের এ স্মারক বক্তৃতা অনুষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো: কামাল উদ্দীনের সভাপতিত্বে ‘খাদ্য ও পুষ্টিতে নারী’ শীর্ষক ২০১৪ সালের স্মারক বক্তৃতা প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. নাজমা শাহীন। এছাড়া ‘নারীর ক্ষমতায়ন: সরকারের উদ্যোগ’ শীর্ষক ২০১৫ সালের স্মারক বক্তৃতা প্রদান করেন মহিলা ও শিশু বিষয়ক সচিব নাছিমা বেগম। অনুষ্ঠানে ট্রাস্ট ফান্ডের দাতা রাষ্ট্রদূত মসউদ মান্নান স্বাগত বক্তৃতা প্রদান এবং সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. এ এস এম আতীকুর রহমান ধন্যবাদ জ্ঞাপন করেন। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সৈয়দ রেজাউর রহমান অনুষ্ঠান সঞ্চালন করেন। ‘মানব সভ্যতার উন্নয়নে নারী-পুরুষের অবদান সমান’ উল্লেখ করে উপাচার্য বলেন, এ জন্য সমাজেও তাদের সমঅধিকার নিশ্চিত করতে হবে। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃতা¡ধীন বর্তমান সরকার নারীর ক্ষমতায়নে অনন্য ভূমিকা পালন করে যাচ্ছে। সরকারের নানামুখী উদ্যোগের কারণেই বাংলাদেশ এক্ষেত্রে অগ্রগতি লাভ করেছে। দেশের নারীরা মেধা ও যোগ্যতার মাধ্যমেই সামনে এগিয়ে যাবে বলেও তিনি আশা প্রকাশ করেন। অধ্যাপক বশিরা মান্নান ঢাকা বিশ্ববিদ্যালয় সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষক ছিলেন। রাষ্ট্রদূত মসউদ মান্নান মায়ের স্মৃতি রক্ষার্থে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘অধ্যাপক বশিরা মান্নান ট্রাস্ট ফান্ড’ গঠন করেন।