রাজধানীতে ১০ শিশু উদ্ধার, আটক ৪
প্রকাশিত : ১২:৩৩ পিএম, ১২ সেপ্টেম্বর ২০১৫ শনিবার | আপডেট: ১২:৩৪ পিএম, ১২ সেপ্টেম্বর ২০১৫ শনিবার
স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : রাজধানীর রামপুরার বনশ্রী এলাকার একটি আবাসিক ভবন থেকে ১০শিশুকে উদ্ধার করা হয়েছে। এসময় সেখান থেকে পাচারকারী সন্দেহে চারজনকে আটক করেছে পুলিশ।
পুলিশ জানায়, শনিবার দুপুরে রামপুরার বনশ্রী এলাকার সি ব্লকের একটি বাসার ছয় তলায় ‘অদম্য বাংলাদেশ ফাউন্ডেশন’র কার্যালয়ে এ অভিযান চালায় পুলিশ।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-কমিশনার (ডিসি) মুনতাসিরুল ইসলাম বাসসকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি উইমেননিউজকে জানান,আটক ব্যক্তিরা জানিয়েছেন, তারা একটি এনজিও’র কাজে ওই শিশুদের এনেছেন।তবে ওই শিশুদের একটি কক্ষে গাদাগাদি করে রাখায় সন্দেহজনক হওয়ায় চারজনকে আটক এবং ১০ শিশুকে উদ্ধার করে থানায় আনা হয়েছে। ওই শিশুদের বয়স ৮ থেকে ১২ বছর।
মুনতাসিরুল ইসলাম জানান,আটক ব্যক্তিরা শিশু পাচার করছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।তাদের এনজিও সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র আনতে বলা হয়েছে। আটককৃতদের থানায় জিজ্ঞাসাবাদ চলছে। 