আট হাজার চিকিৎসক-নার্সকে নিয়োগ দেয়া হবে: প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০১:২০ পিএম, ২৭ এপ্রিল ২০২০ সোমবার
ছবি: সংগৃহীত
প্রাণঘাতী করোনাভাইরাসের (কোভিড-১৯) প্রাদুর্ভাবের কারণে স্বাস্থ্যসেবায় গতি বাড়ানোর জন্য নতুন করে আরো দুই হাজার চিকিৎসক ও ছয় হাজার নার্স নিয়োগ দেয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার সকাল ১০টায় সরকারি বাসভবন গণভবন থেকে রাজশাহী বিভাগের আট জেলার কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে এ কথা বলেন প্রধানমন্ত্রী। ভিডিও কনফারেন্সে বগুড়া, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, নওগাঁ, নাটোর, পাবনা, রাজশাহী এবং সিরাজগঞ্জ জেলার কর্মকর্তারা যুক্ত হন।
শেখ হাসিনা বলেন, যেসব চিকিৎসক ও নার্স নিয়োগ দেয়া হবে তাদের করোনা চিকিৎসার জন্য বিশেষভাবে প্রশিক্ষণ দেয়া হবে।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে দেশে চিকিৎসকসহ প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মকর্তা-কর্মচারী আছেন ৭৮ হাজার ৩০০ জন। এরমধ্যে চিকিৎসক পদে রয়েছেন ২৭ হাজার ৪০৯ জন। বাংলাদেশ নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কাউন্সিল, বিডিএমসির হিসাবে দেশে রেজিস্টার্ড নার্সের সংখ্যা ৫৬ হাজার ৭৩৪ জন।
বাংলাদেশের ১ হাজার ৫৮১ জন মানুষের জন্য ১ জন রেজিস্টার্ড চিকিৎসক। প্রতি ১০ হাজার মানুষের জন্য চিকিৎসক ৬ দশমিক ৩৩ জন। প্রতি ১০ হাজার মানুষের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের আওতায় চিকিৎসকের সংখ্যা ১ দশমিক ২৮ জন। এমন অবস্থায় চিকিৎসা সেবায় গতি আনতে আরও দুই হাজার চিকিৎসক ও ছয় হাজার নার্স নিয়োগের কথা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বগুড়া ও সিরাজগঞ্জ জেলা প্রশাসনের সঙ্গে মতবিনিময়কালে সরকারপ্রধান বলেন, করোনা চিকিৎসার জন্য প্রত্যেক জেলায় আইসিইউর ব্যবস্থা করা হবে।
চিকিৎসক ও নার্স নিয়োগের কথা উল্লেখ করে সরকারপ্রধান বলেন, করোনাভাইরাসের চিকিৎসা করার জন্য আমরা প্রায় দুই হাজার ডাক্তার নতুন নিয়োগ দেবো। ইতিমধ্যে বিসিএস পরীক্ষা দিয়ে যারা রয়ে গেছে (উত্তীর্ণ কিন্তু সুপারিশপ্রাপ্ত নয়) তাদের থেকে আমরা নিচ্ছি। ছয় হাজার নার্সও আমরা নিয়োগ দেবো। যার প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গেছে। আমি নিজেই মিটিং করে এটা সব ঠিকঠাক করে দিয়েছি- যে আর অতিরিক্ত দুই হাজার ডাক্তার আর ছয় হাজার নার্স আমরা খুব শিগগিরই নিয়োগ দিচ্ছি।’
নতুন করে যাদের নিয়োগ দেয়া হবে তাদের বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থার কথা জানিয়ে শেখ হাসিনা বলেন, বিদেশ থেকে লোক এনেও আমরা প্রশিক্ষণের ব্যবস্থা করাবো। প্রশিক্ষণ নিয়ে তারা চিকিৎসা সেবা দিবে।
স্বাস্থ্যসেবা প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, আমরা স্বাস্থ্যসেবার দিকে বিশেষভাবে দৃষ্টি দিচ্ছি। আমরা প্রত্যেক জেলাতেই কিন্তু যেট ভালো হাসপাতাল, সেখানে আইসিইউর ব্যবস্থা করব। এটা আমরা সিদ্ধান্ত নিয়েছি। পর্যায়ক্রমিকভাবে সব জেলাতেই এটা করে দেবো।
-জেডসি
