ঢাকা, বুধবার ০৮, জুলাই ২০২৬ ১৮:৪৬:৪১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

করোনায় দেশে আরও ৩ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৫৪৯

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:১৩ পিএম, ২৮ এপ্রিল ২০২০ মঙ্গলবার

করোনায় দেশে আরও ৩ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৫৪৯

করোনায় দেশে আরও ৩ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৫৪৯

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আরও তিনজনের মৃত্যু হেয়েছ। ফলে আজ মঙ্গলবার পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫৫ জনে। এছাড়া নতুন করে আরও ৫৪৯ জনের করোনা শনাক্ত হওয়ায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৪৬২ জন।

আজ মঙ্গলবার মহাখালী থেকে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।

মারা যাওয়া তিনজনই ষাটোর্ধ্ব এবং ঢাকার বাসিন্দা জানিয়ে নাসিমা সুলতানা বলেন, গত ২৪ ঘণ্টায় মোট ৪ হাজার ৩০৯টি নমুনা সংগ্রহ করা হয়েছে এবং ৪ হাজার ৩৩২টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

তিনি বলেন, ‘আমরা গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করেছি ৪ হাজার ৩০৯টি, যা গত দিনের তুলনায় ২ দশমিক ৭৯ শতাংশ বেশি। নমুনা পরীক্ষা করেছি ৪ হাজার ৩৩২টি, যা গত ২৪ ঘণ্টার চেয়ে ১৩ দশমিক ৬৪ শতাংশ বেশি। এই সংগৃহীত নমুনা থেকে শনাক্ত রোগী পেয়েছি ৫৪৯ জন। এ পর্যন্ত করোনাভাইরাসে শনাক্ত হয়েছে ৬ হাজার ৪৬২ জন।’

অধ্যাপক নাসিমা বলেন, ‘গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছে ৩ জন। তাদের প্রত্যেকের বয়স ষাটোর্ধ্ব। এই ৩ জনই ঢাকার ভেতরের। আমাদের এ পর্যন্ত মৃত্যু দাঁড়ালো ১৫৫ জন।’

‘হাসপাতালে ভর্তিকৃত রোগীদের মধ্যে ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ৮ জন। এ পর্যন্ত সুস্থ হয়ে উঠেছে ১৩৯ জন। তবে বাড়িতে থেকে যারা চিকিৎসা নিচ্ছেন তাদের আপডেটটা আমাদের এখানে নেই’ বলেও জানান তিনি।

এর আগে সোমবার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিল ৪৯৭ জন, মৃত্যু হয় ৭ জনের। তার আগের দিন রোববার শনাক্ত হয় ৪১৮ জন, মারা যায় ৫ জন। বাংলাদেশে করোনাভাইরাসের সংক্রমণ প্রথম শনাক্ত হয় গত ৮ মার্চ। আর গত ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। এরপর থেকে দিনে দিনে এর সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বেড়েছে।    

এদিকে,  করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আজ পর্যন্ত বিশ্বব্যাপী মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ১১ হাজার ৬০৬। প্রাণঘাতী ভাইরাসটি গত ২৪ ঘণ্টায় ৫ হাজারের বেশি মানুষের জীবন কেড়ে নিয়েছে।

বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, গত বছরের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়া অতিমাত্রায় ছোঁয়াচে কোভিড-১৯ রোগে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন বিশ্বের ৩০ লাখ ৬৫ হাজার ৩৭৪ জন। এদের মধ্যে বর্তমানে ১৯ লাখ ৩১ হাজার ৩৭৯ জন চিকিৎসাধীন এবং ৫৬ হাজার ৩০০ জন (৩ শতাংশ) আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন।

এ পর্যন্ত করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে ৯ লাখ ২২ হাজার ৩৮৯ জন (৮১ শতাংশ) সুস্থ হয়ে উঠেছেন এবং ২ লাখ ১১ হাজার ৬০৬ জন (১৯ শতাংশ) রোগী মারা গেছেন।

নভেল করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১০টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।