বিশ্বে একদিনে করোনায় সুস্থ ৪৫ হাজারের বেশি মানুষ
আন্তর্জাতিক ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১১:৩৮ এএম, ৩০ এপ্রিল ২০২০ বৃহস্পতিবার
ছবি: ইন্টারনেট
চীনের উহান থেকে ছড়িয়ে পড়া মহামারি করোনাভাইরাসের (কোভিড-১৯) আক্রান্ত থেকে গত একদিনে বিশ্বে সুস্থ হয়েছেন ৪৫ হাজারের বেশি মানুষ। এর মাধ্যমে বিশ্বব্যাপী করোনায় সুস্থ হওয়ার সংখ্যা দশ লাখ ছাড়িয়েছে। এই তথ্য জানিয়েছে করোনার লাইভ আপডেট দেয়া ওয়েব সাইট ওয়ার্ল্ডোমিটার।
বৃহস্পতিবার সকাল পর্যন্ত বিশ্বে করোনা থেকে সুস্থ হয়েছেন ১০ লাখ ৩০৩ জন। যুক্তরাষ্ট্রে সুস্থ হয়েছেন এক লাখ ৪৭ হাজার ৪১১ জন, স্পেনে এক লাখ ৩২ হাজার ৯২৯ জন, ইতালিতে ৭১ হাজার ২৫২ জন, ফ্রান্সে ৪৮ হাজার ২২৮ জন। ইরানে সুস্থ হয়েছেন ৭৩ হাজার ৭৯১ জন।
বিশ্বে করোনা থেকে সুস্থতার হারে সবচেয়ে এগিয়ে রয়েছে জার্মানি। দেশটিতে অবিশ্বাস্যভাবে আক্রান্তের তুলনায় সুস্থতার সংখ্যা সবচেয়ে বেশি। জার্মানিতে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন এক লাখ ২০ হাজার ৪০০ জন।
বৃহস্পতিবার সকাল পর্যন্ত করোনায় বিশ্বব্যাপী নিহতের সংখ্যা দাঁড়িয়েছে দুই লাখ ২৮ হাজার ২১৫ জনে এবং আক্রান্তের সংখ্যা ৩২ লাখ ২০ হাজার ১৪৮ জন। অপরদিকে ১০ লাখ ৩০৩ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। বিশ্বের ২১০টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে।এই ভাইরাস। উৎপত্তিস্থল চীনে ৮১ হাজারেরও বেশি মানুষ আক্রান্ত হলেও সেখানে ভাইরাসটির প্রাদুর্ভাব কমে গেছে। তবে বিশ্বের অন্যান্য দেশে এই ভাইরাসের প্রকোপ বাড়ছে। চীনের বাইরে করোনাভাইরাসের প্রকোপ বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে গত ১১ মার্চ দুনিয়াজুড়ে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
-জেডসি
