করোনার সংক্রামণ ঠেকাতে শ্রীলঙ্কায় কারফিউ জারি
আন্তর্জাতিক ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০১:৪১ পিএম, ৩০ এপ্রিল ২০২০ বৃহস্পতিবার
ছবি: ইন্টারনেট
প্রাণঘাতী নভেল করোনাভাইরাসের সংক্রামণ ঠেকাতে শ্রীলঙ্কায় কারফিউ জারি করেছে দেশটির প্রশাসন। বৃহস্পতিবার ২৪ ঘণ্টার জন্য কারফিউ চলছে।
শ্রীলঙ্কার মোট জনসংখ্যা ২ কোটি ৬৭ লাখের বেশি। করোনায় আক্রান্ত হয়েছেন মাত্র ৬৪৯ জন, মৃত্যু হয়েছে সাতজনের। গত কয়েক দিনে নতুন সংক্রমিতের সংখ্যাও হুট করে বেড়ে যাওয়ায় এই কারফিউয়ের সিদ্ধান্তটি এলো লঙ্কান সরকারের পক্ষ থেকে।
এবিসি নিউজ জানায়, ২০ এপ্রিল থেকে লকডাউন শিথিল করে দেয়া হয়েছিল। এরপর এক শহর থেকে অন্য শহরে মানুষের যাতায়াতে ছড়িয়ে পড়ে ভাইরাসটি। আক্রান্তের সংখ্যা দ্বিগুণ বেড়ে যায়।রাজধানী কলম্বোকে করোনার হটস্পট হিসেবে চিহ্নিত করা হয়েছে। তাই শহরটিতে মানুষজনের চলাচল একেবারে সীমাবদ্ধ করা হয়েছে।
সামাজিক দূরত্ব নিশ্চিত করার জন্য কড়া নজরদারি চালাচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সরকারী আদেশ অমান্য করায় গত একমাসে অন্তত ৪১ হাজার মানুষকে আটক করা হয়েছে।
দ্বীপ রাষ্ট্রটিতে আক্রান্তদের মধ্যে বেশিরভাগই নাবিক। ধারণা করা হচ্ছে তাদের স্বজনদের মাধ্যমে দেশটির বিভিন্ন প্রান্তে ছড়িয়েছে করোনা।
-জেডসি
