ঢাকা, বুধবার ০৮, জুলাই ২০২৬ ১৮:৪৮:১১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

করোনায় দেশে মৃত্যু কমেছে, নতুন শনাক্ত বেড়েছে

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:২৬ পিএম, ১ মে ২০২০ শুক্রবার

করোনায় দেশে মৃত্যু কমেছে, নতুন শনাক্ত বেড়েছে

করোনায় দেশে মৃত্যু কমেছে, নতুন শনাক্ত বেড়েছে

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে (কোভিড-১৯) আরও দুজনের মৃত্যুর মধ্য দিয়ে আজ শুক্রবার পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭০ জনে। নতুন শনাক্ত হয়েছে ৫৭১ জন। সুস্থ হয়েছে ১৪ জন।

আজ শুক্রবার দুপুর আড়াইটায় মহাখালী থেকে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।

তিনি বলেন, ‘আমরা গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করেছি ৫ হাজার ৯৫৮টি, যা গত দিনের তুলনায় ৫ দশমিক ৯০ শতাংশ বেশি। নমুনা পরীক্ষা করেছি ৫ হাজার ৫৭৩টি, যা গত ২৪ ঘণ্টার চেয়ে ১২ দশমিক ২৫ শতাংশ বেশি। এই সংগৃহীত নমুনা থেকে শনাক্ত রোগী পেয়েছি ৫৭১ জন। এ পর্যন্ত করোনাভাইরাসে শনাক্ত হয়েছে ৮ হাজার ২৩১ জন।’

অধ্যাপক নাসিমা বলেন, ‘গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছে ২ জন। আমাদের এ পর্যন্ত মৃত্যু দাঁড়ালো ১৭০ জন।’

‘হাসপাতালে ভর্তিকৃত রোগীদের মধ্যে ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ১৪ জন। এ পর্যন্ত সুস্থ হয়ে উঠেছে ১৭৪ জন। তবে বাড়িতে থেকে যারা চিকিৎসা নিচ্ছেন তাদের আপডেটটা আমাদের এখানে নেই’ বলেও জানান তিনি।

এর আগে বৃহস্পতিবার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিল ৫৬৪ জন, মৃত্যু হয় ৫ জনের। তার আগের দিন বুধবার শনাক্ত হয় ৬৪১ জন, মারা যায় ৮ জন।

বাংলাদেশে করোনাভাইরাসের সংক্রমণ প্রথম শনাক্ত হয় গত ৮ মার্চ। আর গত ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। এরপর থেকে দিনে দিনে এর সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বেড়েছে।