ঢাকা, রবিবার ০৫, জুলাই ২০২৬ ১৮:২১:৪৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

পর্যাপ্ত সময় পেয়েও করোনা ঠেকাতে ব্যর্থ বিশ্বনেতারা: ডব্লিউএইচও

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:০১ পিএম, ২ মে ২০২০ শনিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

করোনাভাইরাসের মহামারি ঠেকানোর জন্য চীন ছাড়া বাকি বিশ্ব পর্যাপ্ত সময় পেয়েছিল বলে দাবি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সংস্থাটি আরো দাবি করছে, তারা করোনা মোকাবিলার ক্ষেত্রে সময় নষ্ট করেনি। শুক্রবার (১ মে) এক সংবাদ সম্মেলনে সংস্থাটির প্রধান টেড্রোস আডানোম গেব্রিয়াসিস এ দাবি করেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনার মুখে শুক্রবার এক সংবাদ সম্মেলনে করোনা মহামারি আকারে ছড়িয়ে পড়ার কারণ হিসেবে বিশ্বনেতাদের পরোক্ষে ব্যর্থতাকে দায়ী করেছেন টেড্রোস।

তিনি মনে করিয়ে দেন, চীন ছাড়া বাকি বিশ্বের ক্ষেত্রে করোনা মোকাবিলার জন্য পর্যাপ্ত সময় হাতে ছিল।

৩০ জানুয়ারি যখন বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে মহামারি ঘোষণা করে তখন চীনের বাইরে মাত্র ৮২ জনের করোনা শনাক্ত হয় এবং এদের কেউ মারা যাননি।

এছাড়া, বিশ্বে করোনাভাইরাস মহামারির প্রথম ধাপ চলছে এটির প্রকোপ শেষ হলেও দ্বিতীয় বা তৃতীয় ধাপে করোনাভাইরাস হানা দিতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। শুক্রবার এই সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে যে, ভ্যাকসিন তৈরি না হওয়া অবধি করোনা ভাইরাসের দ্বিতীয় বা তৃতীয় দফার আক্রমণের জন্য তৈরি থাকতে হবে বিশ্বের দেশগুলিকে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ইউরোপীয় প্রধান ডাঃ হান্স ক্লুগ জানান, লকডাউন চলছে বহু দেশে। কিন্তু তা সত্ত্বেও করোনার প্রকোপ কমানো যায়নি। আক্রান্তের সংখ্যা প্রতিদিন বাড়ছে।

ক্লুগ বলেন, এর আগেও তিনি করোনার ভয়াবহতা নিয়ে সতর্ক করেছিলেন। জানিয়েছিলেন, এত তাড়াতাড়ি কোভিড ১৯-এর প্রভাব কমবে না। যতদিন না কোনও ভ্যাকসিন তৈরি হচ্ছে, ততদিন পর্যন্ত সতর্ক থাকতে হবে বলে পরামর্শ তার। ক্লুগের দাবি, যেকোনো দিন নতুনভাবে আক্রমণ চালাতে পারে করোনাভাইরাস। এটি দ্বিতীয় ও তৃতীয় ধাপে ছড়াতে পারে।

ক্লুগের ধারণা ভ্যাকসিন না বেরোনো পর্যন্ত সতর্ক থাকার কথা বলা হলেও, এই ভ্যাকসিন বেরোতে অনেকটাই সময় লাগবে। ফলে আরও প্রাণহানির আশঙ্কা থাকছে। বিশ্বের বিভিন্ন দেশের উচিত ভবিষ্যতের জন্য তৈরি থাকা। কারণ নতুন করে সংক্রমণ ছড়িয়ে পড়ার ভয় এখনও পূর্ণ মাত্রায় রয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ইউরোপীয় প্রধান জানাচ্ছেন, যদি প্রথম দফা কেটে যায় করোনা ভাইরাস সংক্রমণের, তবু আশঙ্কা থেকে যায়। কারণ দ্বিতীয় দফায় ছড়াতে পারে এই ভাইরাস। আর তার ফল হবে মারাত্মক।

-জেডসি