করোনায় বিশ্বব্যাপী মৃতের সংখ্যা আড়াই লাখ ছাড়ালো
আন্তর্জাতিক ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১১:০৪ এএম, ৫ মে ২০২০ মঙ্গলবার
ছবি: ইন্টারনেট
বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতি করোনাভাইরাসে (কোভিড-১৯) সোমবার সকাল পর্যন্ত নিহতের সংখ্যা দাঁড়িয়েছে দুই লাখ ৫২ হাজার ২৪১ জনে এবং আক্রান্তের সংখ্যা ৩৬ লাখ ৪৫ হাজার ৫৩৯ জন। অপরদিকে ১১ লাখ ৯৫ হাজার ৫৯ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
করোনাভাইরাস নিয়ে লাইভ আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, সোমবার একদিনে নতুন করে আক্রান্ত হয়েছেন ৭৯ হাজারের বেশি মানুষ। এছাড়া একই সময়ে বিশ্বে সুস্থ হয়েছেন ৪০ হাজারের বেশি করোনা রোগী।
গত বছরের ডিসেম্বরে চীন থেকে এই মহামারি শুরু হলেও এখন ইউরোপ এবং যুক্তরাষ্ট্রে আরও ভয়াবহ আকার নিয়েছে। আক্রান্ত ও নিহতের সংখ্যায় সবাইকে ছাড়িয়ে গিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। সেখানে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১২ লাখ ১২ হাজার ৮৩৫ জন এবং মৃত্যু হয়েছে ৬৯ হাজার ৯৭১ জনের। সুস্থ হয়েছেন ১ লাখ ৮৮ হাজার ২৭ জন।
আক্রান্তের দিক দিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে স্পেন। সেখানে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২ লাখ ৪৮ হাজার ৩০১ জন এবং মৃত্যু হয়েছে ২৫ হাজার ৪২৮ জনের।
মৃত্যুর দিক দিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ইতালি। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২ লাখ ১১ হাজার ৯৩৮ জন এবং মৃত্যু হয়েছে ২৯ হাজার ৭৯ জনের।
-জেডসি
