অবশেষে আরোপিত ভ্যাট প্রত্যাহার, শিক্ষার্থীদের উল্লাস
প্রকাশিত : ০৯:৪৮ এএম, ১৪ সেপ্টেম্বর ২০১৫ সোমবার | আপডেট: ০৯:৪৯ এএম, ১৪ সেপ্টেম্বর ২০১৫ সোমবার
স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : অান্দোলনের মুখে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের টিউশন ফি’র ওপর আরোপিত ৭.৫ শতাংশ ভ্যাট প্রত্যাহারেরর সিদ্ধান্ত হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকের পর মন্ত্রিপরিষদ সচিব জানিয়েছেন, বৈঠকে সুনির্দিষ্টভাবে আলোচনা না হলেও সংশ্লিষ্ট বিভাগ থেকে 'পজিটিভ সিদ্ধান্ত' আসতে পারে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) মন্ত্রিসভার বৈঠকের পর ব্রিফিংয়ে এসব কথা বলেন মন্ত্রিপরিষদ সচিব।
তিনি আরও বলেন, এটা নিশ্চিত যে, বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে, যথা সময়ে তা জানিয়ে দেওয়া হবে।
সাংবাদিকদের মন্ত্রিপরিষদ সচিব জানান, অর্থমন্ত্রী নিজেও জানাতে পারেন, আর যেহেতু বিষয়টি জাতীয় রাজস্ব বোর্ডের এখতিয়ার সেহেতু তাদের মাধ্যমেও আসতে পারে।
এর আগে সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা শুরু হয়।
মোশাররাফ হোসাইন ভূঁইয়া বলেন, “ভ্যাট প্রত্যাহার বিষয়ে বিভিন্ন টেলিভিশন চ্যানেলে একটি স্ক্রল প্রধানমন্ত্রীসহ সবারই দৃষ্টিগোচর হয়েছে। কিন্তু বলতে চাই, এ সম্পর্কে কেবিনেটে কোনো আলোচনা হয়নি। এটা কেবিনেটের বিষয় নয়। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে কথা বলেছিলেন। এতে সিদ্ধান্ত কী হয়েছে- সেটি অর্থমন্ত্রীর পক্ষ থেকে বা অন্যভাবে অফিসিয়ালি জানানো হবে।”
এদিকে, একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে রোববার সন্ধ্যায় গণভবনে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামকে নিয়ে বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই বৈঠকেই বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভ্যাট প্রত্যাহার করার সিদ্ধান্তের কথা জানিয়ে দেন তিনি।
ভ্যাট প্রত্যাহারের খবর পাওয়ার পরপরই উল্লাসে ফেটে পড়েন শিক্ষার্থীরা। তারা খুশিতে পরস্পরকে জড়িয়ে ধরেন। এই সিদ্ধান্তকে তারা নিজেদের আন্দোলনের সফলতা হিসেবে দেখছেন। এ খবরে অবরোধ প্রত্যাহার করে ক্যাম্পাসে ফিরেছেন শিক্ষার্থীরা।

