ঢাকা, শুক্রবার ১৭, জুলাই ২০২৬ ৬:০২:২৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

জাতিসংঘের পরিবেশবিষয়ক সর্বোচ্চ পুরস্কার পেয়েছেন প্রধানমন্ত্রী

প্রকাশিত : ০৯:৫৮ এএম, ১৪ সেপ্টেম্বর ২০১৫ সোমবার | আপডেট: ০৯:৫৮ এএম, ১৪ সেপ্টেম্বর ২০১৫ সোমবার

Hasina-prothom-khabor স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের পরিবেশবিষয়ক সর্বোচ্চ সম্মান ‘চ্যাম্পিয়ন্স অব দ্য আর্থ’ পুরস্কার পেয়েছেন। বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় সুদূরপ্রসারি পদক্ষেপের স্বীকৃতিস্বরূপ তাঁকে এই পুরস্কার প্রদান করা হয়েছে। জাতিসংঘের পরিবেশ কর্মসূচি (ইউএনইপি) আজ জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় দৃঢ় নেতৃত্বের জন্য পলিসি লিডারশীপ ক্যাটাগরিতে অন্যতম ‘চ্যাম্পিয়ন্স অব দ্য আর্থ’ পুরস্কার বিজয়ী হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম ঘোষণা করেছে। ইউএনইপি’র এশিয়া প্রশান্ত মহাসাগরীয় আঞ্চলিক কার্যালয়ের (আরওএপি) এক বিবৃতিতে আজ এ পুরস্কারের ঘোষণা দিয়ে বলা হয়েছে, ‘শেখ হাসিনা প্রমাণ করেছেন, জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বিনিয়োগ, সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন অর্জনের ক্ষেত্রে উৎকৃষ্ট। বিবৃতিতে বলা হয়েছে, আগামী ২৭ সেপ্টেম্বর নিউইয়র্কে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা সম্মেলনের সমাপনীতে এক বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই পুরস্কার গ্রহণ করবেন। ইউএনইপি বলেছে, ‘প্রতিবেশগতভাবে ভঙ্গুর বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের সৃষ্ট চ্যালেঞ্জ মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের সামগ্রিক পদক্ষেপের স্বীকৃতি হচ্ছে এই পুরস্কার।’ চ্যাম্পিয়ন্স অব দ্য আর্থ জাতিসংঘের পরিবেশবিষয়ক সর্বোচ্চ বার্ষিক সম্মাননা। পরিবেশ বিষয়ে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে ব্যক্তি বা প্রতিষ্ঠানকে এই সম্মাননা দেয় জাতিসংঘ। পূর্ববর্তী পুরস্কারপ্রাপ্তদের মধ্যে বিভিন্ন দেশের নেতা-নেত্রীসহ মাঠপর্যায়ের কর্মীগণ রয়েছেন, যাঁদের নেতৃত্ব এবং কর্মকান্ড একটি টেকসই বিশ্ব সৃষ্টি এবং সবার জন্য মর্যাদাসম্পন্ন জীবনের কাছাকাছি নিয়ে আসার জন্য কাজ করেছে। পলিসি, বিজ্ঞান, ব্যবসা এবং সুশীল সমাজ এই ৪টি ক্যাটাগরিতে এ পর্যন্ত ৬৭ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এ পুরস্কার দেয়া হয়েছে। ১৫ কোটিরও বেশি জনসংখ্যার দেশ বাংলাদেশ বিশ্বের অন্যতম প্রধান ঘনবসতিপূর্ণ ও বিশ্বের অন্যতম স্বল্পোন্নত দেশ। ইউএনইপি’র বিবৃতিতে বলা হয়েছে, জলবায়ু পরিবর্তনজনিত বিরূপ প্রতিক্রিয়ার কারণে বাংলাদেশ বিশ্বের সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ দেশগুলোর মধ্যে একটি। সাইক্লোন, বন্যা এবং খরাসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ দীর্ঘকাল যাবত এদেশের ইতিহাসের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। সাম্প্রতিক সময়ে এ ধরনের দুর্যোগের প্রকোপ বেড়েই চলেছে। বিবৃতিতে জাতিসংঘ পরিবেশ কর্মসূচির নির্বাহী পরিচালক অচিম স্টেইনার বলেন, ‘বেশ কয়েকটি উদ্ভাবনমূলক নীতিগত পদক্ষেপ এবং বিনিয়োগের মাধ্যমে জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলা বাংলাদেশ তার উন্নয়নের মূল প্রতিপাদ্য হিসেবে গ্রহণ করেছে।’ তিনি বলেন, ‘জলবায়ু পরিবর্তন অভিযোজন কার্যক্রম থেকে শুরু করে প্রতিবেশ সংরক্ষণ আইন প্রণয়নসহ বিভিন্ন কার্যক্রম গ্রহণের ফলে বাংলাদেশের বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্ম জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি ও পরিবেশ বিপর্যয়ের বিরূপ প্রভাব মোকাবেলায় অনেক বেশি প্রস্তুত।’ স্টেইনার বলেন, ‘জলবায়ু পরিবর্তনকে দেশে জাতীয় অগ্রাধিকার ইস্যু এবং একইসঙ্গে এ বিষয়ে বিশ্ব সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণে জোরালো ভূমিকা পালনের ক্ষেত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর নেতৃত্ব এবং দূরদৃষ্টি প্রদর্শন করতে সক্ষম হয়েছেন।’