ঢাকা, বুধবার ০৮, জুলাই ২০২৬ ১৭:২২:৫৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

করোনা: ২৪ ঘন্টায় মৃত্যুর তথ্য জানাতে পারেনি স্বাস্থ্য মন্ত্রনালয়

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:২৬ পিএম, ৭ মে ২০২০ বৃহস্পতিবার

করোনা: ২৪ ঘন্টায় মৃত্যুর তথ্য জানাতে পারেনি স্বাস্থ্য মন্ত্রনালয়

করোনা: ২৪ ঘন্টায় মৃত্যুর তথ্য জানাতে পারেনি স্বাস্থ্য মন্ত্রনালয়

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭০৬ জনের মধ্যে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে বাংলাদেশে ভাইরাস আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১২ হাজার ৪২৫ জনে। তবে গত ২৪ ঘণ্টায় কতজন মারা গেছে, তা জানানো হয়নি নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে।

ওই তথ্য পরবর্তীতে রিপোর্টের মাধ্যমে জানানো হবে বলে জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা।

আজ বৃহস্পতিবার দুপুর আড়াইটায় মহাখালী থেকে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ কথা জানান তিনি।

অধ্যাপক নাসিমা বলেন, ‘আমরা এই মুহূর্তে মৃত্যুর তথ্যটা আপনাদের দিতে পারছি না, আমরা প্রেস রিলিজে দিয়ে দেব।’

গতকাল বুধবার পর্যন্ত বাংলাদেশে করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা ছিল ১৮৬।

আর গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৩০ জন এবং মোট সুস্থ হলেন ১,৯১০ জন।

গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫,৮৬৭ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এনিয়ে মোট ১ লাখ ৫ হাজার ৫১৩ জনের পরীক্ষা করা হয়েছে।

এর আগে বুধবার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিল ৭৯০ জন, মৃত্যু হয় ৩ জনের। নমুনা সংগ্রহ হয়েছে ৬ হাজার ৭৭১টি এবং নমুনা পরীক্ষা হয়েছে ৬ হাজার ২৪১টি। তার আগের দিন মঙ্গলবার শনাক্ত হয় ৭৮৬ জন, মারা যায় ১ জন।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, বর্তমানে কোভিড-১৯ সংক্রমিত ২২ লাখ ২৬ হাজার ৫৬৭ জনের মধ্যে ২১ লাখ ১৭ হাজার ৩১৯ জন স্থির অবস্থায় রয়েছেন।

এছাড়া, ৪৯ হাজার ২৪৮ জন গুরুতর অবস্থায় রয়েছেন, যা মোট রোগীর মাত্র দুই শতাংশ।

গত বছরের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী এ পর্যন্ত কোভিড-১৯ এ মোট আক্রান্ত হয়েছেন ৩৭ লাখ ২৬ হাজার ৭৯৭ জন। আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত ১২ লাখ ৪১ হাজার ৯২৪ জন সুস্থ হয়ে উঠেছেন।