করোনার বাধা দূর করে বাংলাদেশ এগিয়ে যাবে: প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৪:৩৬ পিএম, ১০ মে ২০২০ রবিবার
ছবি: সংগৃহীত
মহামারি করোনাভাইরাসের (কোভিড-১৯) বাধা দূর করে বাংলাদেশ এগিয়ে যাবে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, করোনার কারণে বিরাট ধাক্কা লেগেছে, বাধা এসেছে। তবে আশা করি বাধা দূর করে বাংলাদেশ এগিয়ে যাবে। বিশ্বব্যাপী যে সমস্যা, সেটিও দূর হবে।
রবিবার (১০ মে) প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে অনুদান গ্রহণকালে তিনি এ সব কথা বলেন।
শেখ হাসিনা বলেন, অসুখ-বিসুখ হলে মানুষকে মনে সাহস রাখতে হবে। শুধু ডাক্তার বা ওষুধ দিয়েই ভালো হবে না। মনের জোর থেকে আত্মবিশ্বাস থেকেও অনেকটা সুস্থ হওয়া যায়। সেই সাথে আমাদের স্বাস্থ্য অধিদপ্তর থেকে যে নির্দেশনা দেওয়া হয়েছে বা বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে যেসকল নির্দেশনা দিয়েছে, সকলকে সেটা মেনে চলতে হবে। মেনে চলতে পারলেই সুরক্ষিত থাকা যাবে।
সরকারপ্রধান আরো বলেন, পরিষ্কার-পরিচ্ছন্ন থাকা, নিজেকে সুরক্ষিত রাখা, কোনো বড় জায়গায় এক সাথে না হওয়া, এসব বিষয়ে খেয়াল রাখতে হবে। সংক্রমিত যাতে না হয় সেদিকে দৃষ্টি দিতে হবে। মোটকথা সবাইকে সচেতন থাকতে হবে।
ভয় পেয়ে অনেকের করোনা আক্রান্তদের সঙ্গে অমানবিক আচরণ নিয়ে ক্ষেদ প্রকাশ করেন প্রধানমন্ত্রী বলেন, ‘পরিবারের কোনও সদস্য অসুস্থ হলে তাকে দূরছাই করা বা দূরে ঠেলে দেওয়া ঠিক না।’
এদিন করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ প্রতিরোধ ও এ সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে অনুদান প্রদান করেন দেশের আরও ৫৭ প্রতিষ্ঠান, সংস্থা এবং ব্যক্তি। প্রধানমন্ত্রী এ সময় কোভিড-১৯ মোকাবিলায় সহযোগিতার মানসিকতা নিয়ে এগিয়ে আসায় এসব প্রতিষ্ঠান, সংস্থা এবং ব্যক্তিদের ধন্যবাদ জানান।
এর আগেও কয়েক ধাপে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে অনুদান প্রদান করেন বিভিন্ন প্রতিষ্ঠান, সংস্থা ও ব্যক্তিবর্গ।
-জেডসি
