করোনায় বিশ্বব্যাপী মৃত্যু ২ লাখ ৮৭ হাজার
আন্তর্জাতিক ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১২:৩২ পিএম, ১২ মে ২০২০ মঙ্গলবার
ছবি: ইন্টারনেট
প্রাণঘাতি করোনাভাইরাসে (কোভিড-১৯) মঙ্গলবার সকাল পর্যন্ত বিশ্বব্যাপী নিহতের সংখ্যা দাঁড়িয়েছে দুই লাখ ৮৭ হাজার ২৯৩ জনে এবং আক্রান্তের সংখ্যা ৪২ লাখ ৫৪ হাজার ৮০০ জন। অপরদিকে ১৫ লাখ ২৭ হাজার ১৪৪ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
করোনাভাইরাস নিয়ে লাইভ আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, সোমবার একদিনে নতুন করে আক্রান্ত হয়েছেন ৭৪ হাজারের বেশি মানুষ। মৃত্যু হয়েছে ৩৪০৩ জনের। এছাড়া একদিনে বিশ্বে করোনা থেকে সুস্থ হয়েছেন প্রায় ৩৬ হাজার রোগী।
গত বছরের ডিসেম্বরে চীন থেকে এই মহামারি শুরু হলেও এখন ইউরোপ এবং যুক্তরাষ্ট্রে আরও ভয়াবহ আকার নিয়েছে। আক্রান্ত ও নিহতের সংখ্যায় সবাইকে ছাড়িয়ে গিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। সেখানে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৩ লাখ ৮৫ হাজার ৮৩৪ জন এবং মৃত্যু হয়েছে ৮১ হাজার ৭৯৫ জনের। সুস্থ হয়েছেন ২ লাখ ৬২ হাজার ২২৫ জন।
আক্রান্তের দিক দিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে স্পেন। সেখানে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২ লাখ ৬৮ হাজার ১৪৩ জন এবং মৃত্যু হয়েছে ২৬ হাজার ৭৪৪ জনের।
মৃত্যুর দিক দিয়ে দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে ব্রিটেনে। দেশটিতে এখন পর্যন্ত নিহত হয়েছেন ৩২ হাজার ৬৫ জন, আক্রান্ত হয়েছেন ২ লাখ ২৩ হাজার ৬০ জন। এছাড়া ইতালিতে নিহত হয়েছেন ৩০ হাজার ৭৩৯ জন।
হঠাৎ করে সংক্রমণ বেড়ে গিয়েছে রাশিয়ায়। আক্রান্তের দিক দিয়ে চতুর্থ অবস্থানে চলে এসেছে দেশটি। সেখানে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২ লাখ ২১ হাজার ৩৪৪ জন এবং মৃত্যু হয়েছে ২০০৯ জনের।
-জেডসি
